দুই বিদ্যুৎ কোম্পানি অধিগ্রহণ করছে ইউনাইটেড পাওয়ার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১১:২৭ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল) একই গ্রুপের দুই বিদ্যুৎ কোম্পানি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। ইউনাইটেড গ্রুপভুক্ত কোম্পানি দুটি হচ্ছে ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেড ও ইউনাইটেড জামালপুর পাওয়ার লিমিটেড। গতকাল কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অধিগ্রহণ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, নিট সম্পদ মূল্যের হিসাবে কোম্পানি দুটি অধিগ্রহণ করা হবে। এই অধিগ্রহণের মধ্য দিয়ে ইউনাইটেড পাওয়ারের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আরও ৪১৫ মেগাওয়াট বাড়বে। এর মধ্যে ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেডের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হচ্ছে ৩শ মেগাওয়াট। আর ইউনাইটেড জামালপুর পাওয়ার লিমিটেড ১১৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন। ইউপিজিডিসিএল এই দুই কোম্পানির ৯৯ শতাংশ করে মালিকানা অধিগ্রহণ করবে। ২০২০ সালের ৩০ জুন তারিখে কোম্পানিগুলোর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্যের (এনএভিপিএস) ভিত্তিতে এই অধিগ্রহণ সম্পন্ন হবে, যা চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে। এর ফলে কোম্পানির ২০২০-২১ হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির মুনাফায় ইতিবাচক প্রভাব ফেলবে।

সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন এবং শেয়ারহোল্ডারদের সম্মতি সাপেক্ষে অধিগ্রহণের এই সিদ্ধান্ত কার্যকর হবে। শেয়ারহোল্ডারদের মতামত জানতে আগামী ২৮ অক্টোবর বিশেষ বার্ষিক সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ অক্টোবর।

ইউনাইটেড পাওয়ারের পরিশোধিত মূলধন ৫২৬ কোটি ৯৯ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৯০ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের হাতে। সাধারণ বিনিয়োগকারীদের হাতে কোম্পানির মাত্র ২ দশমিক ৮২ শতাংশ শেয়ার রয়েছে।

এদিকে হিসাব বছর শেষ হওয়ায় গত ৩ আগস্ট থেকে ইউনাইটেড পাওয়ারের দর বাড়তে দেখা গেছে। ওই সময় থেকে গতকাল পর্যন্ত কোম্পানির শেয়ার দর ৪৫ শতাংশ বেড়ে ৩২১ টাকা ১০ পয়সায় কেনাবেচা হচ্ছে। ২০১৯-২০ হিসাব বছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত ইউনাইটেড পাওয়ারের নিট মুনাফা হয়েছে ৪৭১ কোটি ৩৪ লাখ টাকা। এ সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৯৪ পয়সা। ২০১৮-১৯ হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৩০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত