শান্তির নোবেলে মনোনয়ন পেলেন বাংলাদেশি রুহুল

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৮ এএম

চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন গবেষক অধ্যাপক ড. রুহুল আবিদ ও তার অলাভজনক সংস্থা হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল (হায়েফা)। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবে তাকে মনোনীত করা হয়েছে বলে জানিয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিন-ফিলিপ বেলিউ।

তিনি জানান, ২০২০ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ২১১ ব্যক্তির মধ্যে ড. আবিদও একজন। ড. আবিদ যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের আলপার্ট মেডিকেল স্কুলের অধ্যাপক। সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছেন আবিদ ও তার প্রতিষ্ঠান হায়েফা।

ড. আবিদ ঢাকা মেডিকেল কলেজ থেকে স্নাতক এবং জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে মোলিকুলার বায়োলজি ও জৈব রসায়নে পিএইচডি অর্জন করেন। পরে তিনি ২০০১ সালে হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে ফেলোশিপ সম্পন্ন করেন। তিনি ব্রাউন গ্লোবাল হেলথ ইনিশিয়েটিভের একজন নির্বাহী সদস্যও। বাংলাদেশের সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে তার প্রতিষ্ঠান হায়েফা। গত তিন বছরে প্রায় ৩০ হাজার পোশাকশ্রমিককে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়াও প্রায় ৯ হাজার সুবিধাবঞ্চিত নারী ও পোশাকশ্রমিককে জরায়ু ক্যানসার স্ক্রিনিং ও চিকিৎসা এবং কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরের দেড় হাজারেরও বেশি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে হায়েফা। করোনার সংক্রমণ রোধে বর্তমানে দুটি রোহিঙ্গা শরণার্থী শিবিরে প্রশিক্ষণ দিচ্ছে সংস্থাটি।

২০১৩ সালে রানা প্লাজা ধসের পর সারা দেশে তৈরি পোশাকশ্রমিকদের স্বাস্থ্যসেবা দিতে হায়েফা প্রতিষ্ঠা করেন ড. আবিদ। ওই সময় হার্ভার্ড মেডিকেল স্কুলের ডা. রোজমেরি দুদার সঙ্গে ঢাকা, গাজীপুর এবং শ্রীপুরের তিনটি কারখানায় পোশাককর্মীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন তিনি। উল্লেখ্য, আগামী মাসেই মনোনীতদের মধ্য থেকেই শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত