রাবি টিএসসিসি কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের ১০ বছর পর ছাত্রীর মামলা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১১:১৭ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের সঙ্গীত উপ-পরিচালক রকিবুল হাসান রবিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। বুধবার ভুক্তভোগী এক ছাত্রীর বাবা বাদী হয়ে নগরীর মতিহার থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম সিদ্দিকুর রহমান বলেন, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। এ বিষয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

২৩ আগস্ট ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা-মা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ধর্ষণের লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ৩১ আগস্ট রকিবুলকে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সদস্য পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

মামলার এজাহারে বলা হয়, ২০১০ সালে রকিবুল হাসান বাড়িতে এসে ১২ বছর বয়সী ওই ছাত্রীকে গান শেখাতেন। এভাবে রকিবুল ওই ছাত্রীর পরিবারের কাছে আস্থাভাজন ও বিশ্বস্ত হয়ে ওঠে। এরই সুযোগ নিয়ে ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন তিনি। সে সময় ভুক্তভোগী লজ্জায় বিষয়টি কাউকে জানাতে সাহস পাননি। বর্তমানে ওই ছাত্রী ভারতে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। সম্প্রতি দেশে ফিরে সে জানতে পারেন রকিবুল আরো অনেক মেয়েকেই যৌন নির্যাতন করেছেন। আর যেন কোনো মেয়ের ক্ষতি করতে না পারে সেজন্য বিষয়টি সামনে আনা হয়েছে।

দেরিতে মামলা করার বিষয়ে ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, সামাজিক সমর্থন না পাওয়ার আশঙ্কায় ঘটনাটি প্রকাশও করতে পারেননি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন প্রতিরোধ সেলের আহ্বায়ক প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. রেজিনা লাজ বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তর থেকে আমাদের কাছে অভিযোগটি আসার পর গত বুধবার আমরা প্রথম একটি সভা করেছি। ঘটনাটি অনেক আগের। আমরা দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করার চেষ্টা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত