বাছুর ধানক্ষেতে নামায় ঢাবির শিক্ষার্থীকে জখম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৯ পিএম

এক মাস বয়সের বাছুর ধানক্ষেতে নামাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীর মাথায় বাঁশ দিয়ে বাড়ি দিয়ে ও তার মাকে পিটিয়ে জখম করেছে প্রতিবেশীরা।

গতকাল বুধবার দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রী (২২) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে থাকেন। তিনি বাংলা বিভাগের চতুর্থ বর্ষে অধ্যয়নরত। করোনা মহামারীর কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন।

অভিযুক্তরা হলেন পাশ্ববর্তী গোমাই বাজার এলাকার আবদুল রাজ্জাক রাজুর দুই ছেলে আপেল মিয়া (২২), লালচান মিয়া (২৮) এবং তাদের মা। ঘটনার পর বিকেলেই লালচানকে আটক করেছে পুলিশ।

ওই শিক্ষার্থী দেশ রূপান্তরকে বলেন, ‘আপেল, লালচান ও তার মা এক মাস বয়সী বাছুরটিকে মেরে অশ্লীল গালিগালাজ করতে করতে আমাদের বাড়ি আসে। এ সময় ‘এক মাসের বাছুর দুধ ছাড়া কিছু খেতে পারে না’ জানালে তারা আরও উত্তেজিত হয়ে বাঁশ দিয়ে আমার মাথায় বাড়ি দেয় এবং মাকে মারধর করে।’

কলমাকান্দা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সোরাব হোসাইন লিংকন বলেন, ওই শিক্ষার্থীর মাথায় দুটি সেলাই দিতে হয়েছে। রোগী শঙ্কামুক্ত।

কলমাকান্দা থানার ওসি মাজাহারুল করিম বলেন, বিকেলেই লালচানকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত