জয়পুরহাটে এক নারীর বর্তমান স্বামী আশরাফুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামী ইসমাঈল হোসেনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার বিকেলে পাঁচবিবি উপজেলার পাইকরতলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ধ্যায় ইসমাঈলকে আটক করেছে পুলিশ।
নিহত আশরাফুল ইসলাম রংপুরের গঙ্গাচরা উপজেলার চাওয়ানা শেরপুর গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে।
এলাকাবাসীদের বরাত দিয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, পাঁচবিবি উপজেলার পূর্ব কড়িয়া গ্রামের ছুম্বা বেগমের সঙ্গে উপজেলার ভানাইকুশলি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে ইসমাঈল হোসেনের বিয়ে হলেও ১২ বছর আগে তাদের ছাড়াছাড়ি (তালাক) হয়ে যায়।
পরে রংপুরের গঙ্গাচরা উপজেলার চাওয়ানা শেরপুর গ্রামের আশরাফুল ইসলামের সঙ্গে বিয়ে হয় ছুম্বা বেগমের। এরই জের ধরে বৃহস্পতিবার বিকেলে পাইকরতলী গ্রামে ছুম্বার বর্তমান স্বামী আশরাফুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তার সাবেক স্বামী ইসমাঈল।
পরে স্থানীয়রা আশরাফুলকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশরাফুলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাতে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আটক ইসমাঈল হোসেনের বিরুদ্ধে মামলার পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
