‘স্বার্থের জন্য সুশান্তকেই ভুলতে বসেছে সবাই’

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ০২:৩১ পিএম

‘সঞ্চারিয়া’য় এক সঙ্গে প্রথম ও শেষবার অভিনয় করেছিলেন মনোজ বাজপেয়ি ও সুশান্ত সিং রাজপুত। ছবিটি বক্স অফিসে বিশেষ সাড়া না ফেলতে পারলেও সমালোচকদের মন জয় করে নেয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুশান্ত প্রসঙ্গে নিজের মনের কথা অকপটে জানালেন বিখ্যাত এই অভিনেতা। জানালেন, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সবাই এত দিন সুশান্তর জন্য কথা বলেছিল।

মনোজ চিরকালই স্পষ্ট বক্তা। এ ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। সাক্ষাৎকারে বলেন, “সবাই সুশান্তর স্মৃতি উদ্‌যাপন করাই তো ভুলে গেল! এখন ফোকাস হয়ে দাঁড়িয়েছে টিআরপি। এখন বিভিন্ন মানুষের এত রকম স্বার্থ জড়িয়ে গিয়েছে যে কেউ একবারের জন্যও কথা বলছেন না কীভাবে কঠিন কোডিং সহজেই করে ফেলত সুশান্ত। আমি টেলিভিশন দেখি না। সবটাই টুইটার ও ইনস্টাগ্রামেই দেখছি।”

মনোজের অভিযোগ, “চারপাশে সুশান্তর নাম নিয়ে যা ঘটছে তাতে আমার অন্তত সন্দেহ রয়েছে আদৌ কেউ ওর মৃত্যুর শোক প্রকাশ করছেন কি-না। প্রতি ঘণ্টায় তো তর্কের বিষয় পালটে যাচ্ছে। গত কয়েক মাসে যা দেখলাম তা ভীষণই দুঃখজনক। এখন আমি যাই বলি না কেন, তার সম্পূর্ণ উল্টো মানে বের করা হবে। এত স্বার্থ জড়িয়ে গেছে যে আমার এই বক্তব্যকে যে যার সুবিধা মতো ব্যবহার করবেন। আচ্ছা বলুন তো এই সবকিছুর মধ্যে সুশান্ত কোথায়?”

সুশান্তর মৃত্যু এখনো মেনে নিতে পারেননি অভিনেতা। বলেন, “আজও বিশ্বাস করতে পারি না সুশান্ত আর নেই। আমি, শেখর কাপুর ও সুশান্তর পরিবার যে কষ্টের মধ্যে দিয়ে গেছি তা বলে বোঝাতে পারব না। আমরা কেউ আজও ওর মৃত্যু মেনে নিতে পারিনি। তবে ওকে কেন্দ্র করে যা কিছু ঘটছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার মনে হয়, এই লড়াইয়ে সুশান্তই অনেকটা পেছনে পড়ে গেছে।”

একই সুর শোনা গেল সুশান্তর বান্ধবী কৃতী স্যাননের গলাতেও। ইনস্টাগ্রামে ছবি পোস্ট অভিনেত্রী লেখেন, “ওরা প্রথমে তোমার জন্য লড়াই শুরু করলেন। তারপর একে অপরের সঙ্গে লড়াইয়ে মাতলেন। চারদিকে যেন শেষ না হওয়া ঝগড়া শুরু হয়েছে। তুমি আর এই লড়াইয়ের মধ্যে কোথাও নেই। সবতেই এখন ওরা আলোচনার কেন্দ্রে। হয়তো সব সময়ে তাই ছিল...।”

হালে বলিউড মেতেছে মাদক চক্র নিয়ে। চলছে মন্তব্য, পাল্টা মন্তব্যের বন্যা। থেমে নেই ব্যক্তি আক্রমণ ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার দৌড়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত