বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কট করার ঘোষণা এসেছে অনেক আগেই। এবার এফডিসিতে জায়েদকে নিষিদ্ধ করার জন্য এফডিসির এমডির কাছে আবেদন জানাবে ১৯ সংগঠন। দেশ রূপান্তরকে এমনটাই জানিয়েছেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু।
তিনি জানান, ১৭ সেপ্টেম্বর জায়েদ খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে এফডিসিতে ১৯ সংগঠনের সভা অনুষ্ঠিত হয়। এ সভায় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ও সভাপতি মিশা সওদাগরের বিরুদ্ধে চলচ্চিত্রের স্বার্থবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়।
জানা যায়, এর আগে মিশা-জায়েদকে বয়কটের ঘোষণা দেওয়া সত্ত্বেও বয়কটের বিষয়ে কোনো মীমাংসা না করেই মিশা সওদাগর আমেরিকা পাড়ি দিয়েছেন। মিশার এমন দায়িত্বহীনতায় খেপেছেন ১৯ সংগঠনের নেতারা। তারা মিশার বয়কটের ব্যাপারে সিদ্ধান্ত বহাল রেখেছে বলে নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।
এদিকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের এফডিসিতে প্রবেশ নিষিদ্ধ করতে ব্যবস্থা নিতে যাচ্ছে ১৯ সংগঠনের চলচ্চিত্র পরিবার। খসরু বলেন, ‘জায়েদ খান যেন এফডিসিতে ঢুকতে না পারেন সে জন্য এফডিসির এমডি বরাবর লিখিত আবেদন জানানো হবে। আজ সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অন্যায়কারী যেই হোক তার শাস্তি হবেই।’
খসরু আরও বলেন, ‘শিল্পী সমিতি থেকে বাদ পড়া ১৮৪ জন সদস্য জায়েদের ওপর নাখোশ। তারা অনেক দিন ধরে আন্দোলন করছে এ নিয়ে। তারা ক্ষেপে আছে। সদস্যপদ ফিরিয়ে না দিলে তারা যে কোনো সময়ে এফডিসিতে জায়েদের ওপর চড়াও হতে পারেন। যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছি আমরা। এফডিসি যেহেতু সরকারি প্রতিষ্ঠান, তাই আমরা চাই না এখানে কোনো আপত্তিকর ঘটনা ঘটুক। নিরাপত্তার স্বার্থে জায়েদ খানকে যেন এফডিসিতে প্রবেশ করতে না দেওয়া হয় এ বিষয়ে এফডিসির এমডি বরাবর আমরা লিখিত আবেদন জানাবো। আশা করছি চলচ্চিত্র শিল্প ও ইন্ডাস্ট্রির মঙ্গলের স্বার্থে এমডি মহোদয় আমাদের আবেদন মঞ্জুর করবেন। এফডিসি তাদের বয়কট করবে কিনা জানি না, তবে আমরা ১৯ সংগঠনের কেউ তাদের সঙ্গে কাজ করবো না।’
