হিন্দুধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তারা এ দাবি জানায়।
মানববন্ধনে বক্তারা বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। কিন্তু দুঃখের বিষয়, দুর্গাপূজায় ৫ দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতা থাকলেও সরকারিভাবে মাত্র এক দিনের ছুটি থাকে, সেটাও বিজয়া দশমীর দিন। ফলে কারও পক্ষেই পরিবার-পরিজনের সঙ্গে ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ থাকে না।
বক্তারা আরও বলেন, সংবিধানের মূলনীতিতে ধর্মনিরপেক্ষতার কথা বলা হলেও কার্যক্ষেত্রে তার কোনো প্রয়োগ নেই। দেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় দুটি ধর্মীয় উৎসবে ৬ দিনের সরকারি ছুটি ভোগ করলেও হিন্দুসম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি দুর্গাপূজায় ৩ দিনের ছুটির দাবিটি উপেক্ষিত। আমরা আশা করছি, আসন্ন দুর্গাপূজার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ দিনের ছুটি ঘোষণা করে হিন্দুসম্প্রদায়ের পাশে থাকবেন।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন হিন্দু মহাজোট ঢাকা জেলার সভাপতি অ্যাডভোকেট উজ্জ্বল কুমার ম-ল, সাধারণ সম্পাদক গোপাল পাল, যুগ্ম সাধারণ সম্পাদক তপন বর্মণ, সাংগঠনিক সম্পাদক সুজন সরকার, দপ্তর সম্পাদক সুমন কর্মকার প্রমুখ।
