‘অন্য দেশ হলে শ্রীলঙ্কা সিরিজেই হয়তো আমাকে বিবেচনা করত’

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১১:১৮ পিএম

একবারের জন্য হলেও আবারো জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্ন দেখেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু তার এই ফেরার পথটা যে সহজ নয়, তা খুব ভালোই জানা জাতীয় দলের সাবেক অধিনায়কের। তাকে যে লড়তে হচ্ছে অন্য অনেক কিছুর সঙ্গেই!

শ্রীলঙ্কা সিরিজকে টার্গেটে রেখে মানসিক প্রস্তুতি সেরে রেখেছিলেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু করোনা পথ আটকে দিয়েছে এ দফায়। এরপরও অবশ্য শ্রীলঙ্কা সিরিজে তাকে বিবেচনা করা যেত বলেই মনে করেন আশরাফুল। নেহাত দেশের ‘ক্রিকেট সংস্কৃতির কারণেই’ তা হয়নি বলে মনে করেন লাল-সবুজের ক্রিকেটের প্রথম সুপারস্টার।

নিজের অফিশিয়াল ফেইসবুক পেজ থেকে বৃহস্পতিবার ভক্তদের সঙ্গে লাইভ প্রশ্নোত্তর পর্বে যুক্ত হয়েছিলেন আশরাফুল। সেখানেই শ্রীলঙ্কা সিরিজ নিয়ে একপর্যায়ে আক্ষেপ ঝড়ে আশরাফুলের কণ্ঠে, ‘আমাদের এই কালচারটা হয়নি যে, ৩৬ বছরের কোনো ক্রিকেটারকে নিয়ে চিন্তা করা। যদিও এটা অন্য দেশ হলে শ্রীলঙ্কা সিরিজেই হয়তো আমাকে চিন্তা করত। যেহেতু শ্রীলঙ্কার সঙ্গে পাঁচটা সেঞ্চুরি, যেহেতু এই ৬-৭ মাস ক্রিকেট খেলা হয়নি। সবাই তো শূন্য থেকেই শুরু করেছে...।’

অন্তত অনুশীলন বা প্রাথমিক স্কোয়াডে ডাক না পাওয়ার আক্ষেপটা বেশ বড়ভাবেই ধরা পড়ছিল আশরাফুলের কণ্ঠে। তবে উপেক্ষিত হলেও হাল ছাড়তে রাজি নন টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। বলছিলেন, ‘আমাকে হয়তো বা ঘরোয়া ক্রিকেটে এক্সট্রা-অর্ডিনারি পারফরম্যান্স করেই আসতে হবে। সেটার জন্য আমি তৈরি আছি। সবাই দোয়া করবেন যেন আমি সেই জায়গায় সুযোগ পাই। ওই জায়গায় সুযোগ না পেলে আবার কঠিন।’

ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হতে হয়েছিল আশরাফুলকে। নিষেধাজ্ঞা কাটিয়ে আশরাফুল আবার ফেরার স্বপ্ন দেখেন শুধু নিজের জন্য তা নয়। মানুষের ভালোবাসার প্রতিদান দেওয়ার তাড়না তার মধ্যে।

‘আমি খুব ভাগ্যবান মনেকরি নিজেকে...। সাত বছর জাতীয় দলের বাইরে। তারপরও যেভাবে দেশে এবং দেশের বাইরে মানুষেরা আমাকে এখনো সাপোর্ট করে যাচ্ছেন, এটা আমি নিজেকে খুব ভাগ্যবান মনেকরি। সেই কারণেই এখনো আমি চেষ্টা করে যাচ্ছি।’- বলছিলেন আশরাফুল।

করোনাকালে বেশ কিছু দিন ঘরবন্দী থাকতে হয়েছে। বিরতি কাটিয়ে আশরাফুল ফিটনেস এবং স্কিল ট্রেনিং করে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত যার ভিডিও শেয়ার করছেন ভক্তদের জন্য। তার সেই ভিডিওগুলোই বলে দেয় আশরাফুল আসলে কতটা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।

নিজের প্রতি নিজের বিশ্বাসটাও এখন বেড়েছে বলে জানান আশরাফুল, ‘২০১৯ এর নভেম্বরে আমার যে ফিটনেস ছিল, আর এখন ২০২০ এর সেপ্টেম্বরে যে ফিটনেস, আমি মনেকরি তিন-চার বছর সহজেই যে কোনো লেভেলে সার্ভিস দিতে পারব। যেহেতু আমি ব্যাটসম্যান।’

‘হয়তো আগে আত্মবিশ্বাস ছিল যে একদিন খেলব, সবার আশা পূরণ করব। কিন্তু এখন আমার আত্মবিশ্বাস আরো বেশি। আমি মনেকরি এটা সম্ভব। এখন শুধু খেলার অপেক্ষা।’

আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য আশরাফুল তিন ফরম্যাটের মধ্যে টেস্টকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। কারণ হিসেবে বললেন, ‘আমার এখন প্রথম লক্ষ্য একটাই, লঙ্গার ভার্সন দিয়ে যেন ঢুকতে পারি। কারণ ওই জায়গাটায় আমি মনে করি আপনি যদি ঢুকতে পারেন, তাহলে চাপটা অনেক কম। ওয়ানডে, টি-টোয়েন্টিতে একটা চাপ থাকে, তাড়া থাকবে রানের। টেস্ট ক্রিকেটে কিন্তু সেই তাড়াটা থাকবে না। সেট হলে লম্বা ইনিংস খেলা সম্ভব। আমি যেন আমার অভিজ্ঞতা দিয়ে ফিরতে পারি, সেটাই লক্ষ্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত