জাতীয় জরুরি সেবার ‘৯৯৯’ নম্বরে কল করে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূ ধর্ষণের অভিযোগ করার পর রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে অভিযুক্ত শ্বশুরকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রবিবার বেলা ১১ টার দিকে পল্লবী থানার এ ব্লকের ১৯ নম্বর সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারীকে উদ্ধার করেছে পুলিশ।
জাতীয় জরুরী সেবায় দায়িত্বরত পুলিশ পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার বলেন, ভুক্তভোগী ওই নারী পুলিশকে জানায়- তার স্বামী শারীরিক প্রতিবন্ধী। তাদের একটি সন্তান রয়েছে। চার মাস আগে ওই নারীর শাশুড়ি মারা গেছেন। এরপর থেকেই শ্বশুর তাকে নানাভাবে উত্যক্ত করে আসছিলেন। কিন্তু লোকলজ্জার ভয়ে এতদিন কাউকে কিছু বলতে পারেননি। এর মধ্যে রোববার সকালে তার শ্বশুর তাকে ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে না জানাতে নানারকম হুমকি দিয়ে যাচ্ছে। তার স্বামী প্রতিবন্ধী হওয়ায় তিনিও নিজের বাবার বিরুদ্ধে কিছু করতে অক্ষম। পরে তিনি বাধ্য হয়ে ৯৯৯ নম্বরে কল করে আইনি সহায়তা পেতে অনুরোধ জানান।
আনোয়ার সাত্তার আরও বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী ওই নারীকে পল্লবী থানার ডিউটি অফিসারের সঙ্গে কথা বলিয়ে দেওয়া হয়। পরে পল্লবী থানার এস আই শাফিয়ার রহমানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ওই পুত্রবধূকে উদ্ধার ও অভিযুক্ত শ্বশুর আওয়াল আলীকে (৭০) আটক করে। স্বাস্থ্য পরীক্ষাসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
