খালেদা জিয়ার আরও চার মামলায় স্থগিতাদেশ বহাল

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ০২:৪০ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও নাশকতার পৃথক চারটি মামলার বিচারিক কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আপিল বিভাগে বহাল রয়েছে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রবিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে গঠিত তিন বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চ হাইকোর্টের আদেশ বহাল রেখে এ সংক্রান্ত রুল নিষ্পত্তির আদেশ দেয়। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের জানান, চার মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল সেটি আপিল বিভাগ বহাল রেখেছে। ফলে চার মামলার কার্যক্রম স্থগিতই থাকছে। একই সঙ্গে হাইকোর্টে রুল শুনানি করতে বলা হয়েছে।

আইনজীবী সূত্রে জানা গেছে, ২০১৫ সালে নাশকতার অভিযোগে রাজধানীর দারুসসালাম থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা হয়। এ ছাড়া রাষ্ট্রদ্রোহের অভিযোগে ২০১৬ সালের ২৫ জানুয়ারি ঢাকার একটি আদালতে আরও একটি মামলা হয় বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে। এসব মামলার বিচার কার্যক্রম চালানোর বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। ২০১৭ সালের মার্চ ও এপ্রিলে হাইকোর্ট পৃথক আদেশে চারটি মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশের পাশাপাশি রুল জারি করে। পরে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। নাশকতার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে আরও আটটি মামলা রয়েছে। বিভিন্ন সময় আদেশে হাইকোর্ট ওই আট মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেয়। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে আপিল বিভাগ গত ১৭ আগস্ট চার মামলায় ও ২৩ আগস্ট অপর চার মামলায় হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বহাল রেখে রুল নিষ্পত্তির নির্দেশ দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত