দলের সাংগঠনিক কার্যক্রম শুরু হওয়া কাউন্সিলের একটা অংশ: গয়েশ্বর

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৪ পিএম

করোনাভাইরাসের কারণে টানা পাঁচ মাস পর পুনরায় দলের সাংগঠনিক কার্যক্রম শুরু হওয়াকে বিএনপির জাতীয় কাউন্সিলের অংশ হিসেবে দেখছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, সাংগঠনিক কার্যক্রম শুরু হওয়া কাউন্সিলের একটা অংশ। মূলত আমাদের দেশব্যাপী প্রতিটা জেলা, উপজেলা বা থানার যতটা ইউনিট আছে সেগুলো কাউন্সিলের পূর্বেই সম্পন্ন করতে হয়। সেই কাজটা আমাদের শুরু হয়েছে। বিশ্ব ও বাংলাদেশের করোনা পরিস্থিতি আমাদের কখন কাউন্সিল করার সুযোগ সৃষ্টি হবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।

তিনি বলেন, বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। এর কাউন্সিল ভার্চুয়াল বা অনলাইনে করা সম্ভব না। কাউন্সিল মানে হলো ব্যাপক কার্যক্রম। প্রায় চার হাজারের মতো কাউন্সিলর আছে। তারপরে ডেলিগেট আছে। আমাদের কাউন্সিলে লাখ লাখ নেতা-কর্মী সমবেত হয়। সবকিছু আপনাদের বিবেচনায় রাখতে হবে।

সর্বশেষ ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল হয় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে। দলের গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পর পর জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। গত শনিবার বিএনপির স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভা থেকে দলের সাংগঠনিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়। তার অংশ হিসেবে গত রবিবার থেকে বিএনপি তার সাংগঠনিক কার্যক্রম শুরু করে।

জাতীয়তাবাদী তরুণ দলের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির আহ্বায়ক  সাঈদ আহমেদ আসলামের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে গয়েশ্বর চন্দ্র রায় জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন এবং পরে তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত