বার্সেলোনা ছেড়ে ইতালিয়ান ক্লাব ইন্তার মিলানে পাড়ি দিচ্ছেন আর্তুরো ভিদাল। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও চিলিয়ান মিডফিল্ডারের সঙ্গে ইন্তারের চুক্তি অনেক দূর এগিয়ে গেছে। যে কোনো সময়েই হয়তো আসবে তার বার্সা ছাড়ার ঘোষণা। বিষয়টি পরিষ্কার লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের দেওয়া বিদায়ী বার্তায়।
ভিদালের বিদায় বেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আবেগী বার্তা দিয়েছেন তার দুই ঘনিষ্ঠ বন্ধু মেসি ও সুয়ারেজ।
বার্সা অধিনায়ক মেসি ইন্সটাগ্রামে একটি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, ‘আগে আমি তোমাকে একে অন্যের বিপক্ষে খেলার মাধ্যমেই চিনতাম। আমার সব সময়ই মনে হতো তুমি একজন অনন্যসাধারণ খেলোয়াড়। তবে পরবর্তীতে তোমার সঙ্গে ব্যক্তিগতভাবে যখন দেখা করেছি, তুমি আমাকে আরো অবাক করেছ।’
২০১৮ সালে বায়ার্ন মিউনিখ থেকে কাতালান ক্লাবটিতে যোগ দিয়েছিলেন ভিদাল। মেসি যাকে নিয়ে আরো লিখেছেন, ‘এই দুই বছরে আমরা অনেক কিছু ভাগাভাগি করে নিয়েছি। তোমার প্রতিভাও সবার নজরে এসেছে। আমি নতুন ক্লাবে তোমার নতুন অধ্যায়ের জন্য তোমাকে শুভকামনা জানাই। নিশ্চিতভাবেই আমাদের আবারো দেখা হবে।’
ভিলাদ মেসির এই বার্তার উত্তর দিয়েছেন। লিখেছেন, ‘ধন্যবাদ এলিয়েন, ইতিহাসের সেরা ফুটবলারের সঙ্গে খেলতে পেরে আমি গর্বিত। আর তোমার বন্ধুত্বের জন্য অনেক ধন্যবাদ। আমি তোমাকে মিস করছি। শীঘ্রই দেখা হবে।’
সুয়ারেজ লিখেন, ‘প্রতিপক্ষ হিসেবে তোমাকে পাওয়া অসহনীয় ছিল। কারণ খেলোয়াড় হিসেবে তুমি অসাধারণ। তবে তোমাকে সতীর্থ, বন্ধু ও একজন ব্যক্তি হিসেবে জানা হয়েছে। তুমি আরো বড়! তোমার মতো একজন বড় মানের খেলোয়াড়ের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করাটা আনন্দের। নতুন অধ্যায়ের জন্য জানাই শুভেচ্ছা। আবার দেখা হবে আমাদের...।’
বন্ধু সুয়ারেজের এই বার্তারও উত্তর দিয়েছেন ভিদাল, ‘ধন্যবাদ ভাই পিস্তোলেরো (সুয়ারেজের ডাক নাম)। তুমি কিংবদন্তি, সুপারস্টার। ঐতিহাসিক গোলস্কোরারের পাশে খেলতে পারাটা আমার জন্য সম্মানের।’
