টঙ্গীতে পদবঞ্চিত আওয়ামী লীগ নেতাকর্মীদের মহাসড়ক অবরোধ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১১:২৫ পিএম

গাজীপুর মহানগরীর টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন আওয়ামী লীগের পদবঞ্চিত নেতাকর্মীরা। রবিবার বিকালে গাজীপুর মহানগর আওয়ামী লীগের অন্তর্গত ১৯ থেকে ৫৭ পর্যন্ত ৩৯টি ওয়ার্ডে আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে আওয়ামী লীগের ‘দুঃসময়ের নেতাকর্মী ও ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি’ এবং ‘হাইব্রিড নেতাদের’ অন্তর্ভুক্ত করা হয়েছে এমন অভিযোগ করে দলের একাংশের নেতাকর্মীরা ক্ষোভ জানান।

সোমবার বিকেল থেকে টঙ্গী আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে মিছিল নিয়ে সমবেত হতে থাকেন পদবঞ্চিত নেতাকর্মীরা। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে কয়েক হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকা অবরোধ করেন।

নেতাকর্মীরা মহাসড়কে বসে ‘অবৈধ কমিটি মানি না, মানব না, টাকার বিনিময়ে কমিটি মানি না, মানব না, পকেট কমিটি মানি না মানব না’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ঘণ্টাব্যাপী অবরোধের ফলে সড়কের দুই পাশে কয়েক হাজার যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

পরে ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষিত কমিটি বিলুপ্ত করার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন নেতাকর্মীরা।

তারা জানান, রবিবার গাজীপুর মহানগরের ৩৯টি ওয়ার্ডে একতরফা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক (গাসিক মেয়র) জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে  একজন আহ্বায়ক, তিনজন যুগ্ম আহ্বায়ক ও একজনকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের কমিটি করা হয়।

দলের একাংশের নেতাকর্মীদের অভিযোগ, দলের দুঃসময়ের নেতাকর্মী ও ত্যাগীদের পদবঞ্চিত করা হয়েছে। মহানগর আওয়ামী লীগের দুই নেতা স্থানীয় মন্ত্রীর অনুসারী নেতাদের চিহ্নিত করে কমিটি থেকে বাদ দিয়েছে।

বিক্ষোভ মিছিল ও অবরোধে অংশ নিয়ে টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক বলেন, দলের জন্য যারা দুঃসময়ে রাজপথে ছিলেন, জেল-জুলুমের স্বীকার হয়েছেন তাদের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটিতে উপেক্ষিত করা হয়েছে। হাইব্রিড নেতাদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। তাই আমরা এই পকেট কমিটির বিরুদ্ধে বিক্ষোভ করছি।

এসব বিষয়ে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র জাহাঙ্গীর আলম ফোনে জানান, যারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন, তারা তো আওয়ামী লীগের কেউ না। তারা যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগের নেতাকর্মী। তাদের কথামতো আওয়ামী লীগ চলতে পারে না। সব সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে আলোচনা করে কমিটিতে যোগ্য লোকদেরই কমিটিতে স্থান দেয়া হয়েছে। আহ্বায়ক কমিটিতে দলের সবাইকে পদ দেওয়া সম্ভব নয়। পূর্ণাঙ্গ কমিটি হলে অনেকেই কমিটিতে স্থান পাবেন।

অপর দিকে ঘোষিত ৩৯ ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ওয়ার্ডে আনন্দ মিছিল করেন দলীয় নেতাকর্মীরা। নতুন আহ্বায়ক কমিটি গঠন করায় নেতাকর্মীরা মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলমকে অভিনন্দন জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত