ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরসহ ৬ জনের বিরুদ্ধে মামলা ও হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
মঙ্গলবার নগরের বন্দরবাজার থেকে মিছিলটি শুরু হয়ে জিন্দাবাজার পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট বিভাগীয় সমন্বয়ক নাজমুস সাকিবের সভাপতিত্বে ও বিভাগীয় সহ-সমন্বয়ক আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় সমাবেশে বক্তার বলেন, স্বৈরাচারী দুঃশাসনের বিপরীতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গণমানুষের জন্য কাজ করে যাচ্ছে। যা ক্ষমতাসীন দলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতা অর্জনের লক্ষ্য ছিল প্রতিদিন নতুন সূর্যের সঙ্গে সুন্দর এক সকালের প্রত্যাশা, যেখানে মানুষ দিন শেষে তার স্বপ্ন নিয়ে ঘরে ফিরতে পারবে। কিন্তু এদেশের স্বৈরাচারী রাজনীতির কারণে প্রতিদিন রক্ত লাশের খবর শুনে আমাদের ঘুম ভাঙে।
বক্তারা বলেন, ছাত্র অধিকার পরিষদ ইতিবাচক রাজনীতির মাধ্যমে বাংলাদেশে যে পরিবর্তনের স্বপ্ন দেখে, তা স্তব্ধ করার জন্য সরকার হামলা-মামলা করছে। যার ধারাবাহিকতায় গত সোমবার ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, সাবেক ভিপি নুরুল হক নূরসহ ছয়জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দেওয়া হয়েছে। বক্তারা এই মামলা প্রত্যাহারের দাবি জানান।
সভায় বক্তব্য রাখেন, ছাত্র অধিকার পরিষদ শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিপন মাহমুদ, ছাত্র অধিকার পরিষদ নেতা আলী হোসেন, জহিরুল ইসলাম, বশির উদ্দিন, তারেক আহমেদ, তোফায়েল আহমদ, আক্তার হোসেন, মুস্তাক আহমদ, ফয়সাল আহমদ, লুৎফর রহমান, সাহাদত আহমদ, আবদুল গাফ্ফার প্রমুখ।
