বিএনপি-জামায়াত দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়: হানিফ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৩ পিএম

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, অতীতে বিএনপি-জামায়াত তাদের সরকারের আমলে দুর্নীতিকে রাষ্ট্রীয়ভাবে লালন-পালন করে প্রাতিষ্ঠানিক রূপ দেয়।

তিনি বলেন, সেই দুর্নীতির মূল এখন উৎপাটন হচ্ছে। তাই সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের সমালোচনা করা মানে দুর্নীতিবাজদের পক্ষ নেওয়া।

বুধবার সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।

তিনি বলেন, সারাদেশে উন্নয়নের জোয়ার চলছে। অথচ বিএনপি নেতারা কোনো উন্নয়ন দেখে না। কারণ তারা কখনো দেশের উন্নয়ন করেনি। তাদের সেই ব্যর্থতা ঢাকতে তারা সরকারের বিরুদ্ধে বিষোদ্‌গার করছে।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি একটি জনবিচ্ছিন্ন দল। এই দলের কথা বলার কিছু নেই। সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে তারা জনগণের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে।

এ সময় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে হানিফ কুষ্টিয়া মাসুদ রুমি কলেজের নতুন ভবন উদ্বোধন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত