মাগুরার মহম্মদপুরে ডিবি পরিচয় দিয়ে ধর্ষণ মামলার আসামিকে জামিন পাইয়ে দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গত মঙ্গলবার সন্ধ্যায় জিয়াউর রহমান (৪০) নামে এক যুবককে আটক করে পুলিশ। অভিযুক্ত জিয়াউর রহমান শালিখা উপজেলার বুনাগাতি গ্রামের প্রয়াত তেজারোত মোল্লার ছেলে।
ভুক্তভোগীরা জানায়, উপজেলার পরমেশ্বর গ্রামের শহিদুল ইসলামের ছেলে শাহাবুল ইসলাম (১৯) ধর্ষণের মামলায় কারাবন্দি। এই সুযোগে নিজেকে ডিবি সদস্য পরিচয় দিয়ে ১০ হাজার টাকা দিলে তাকে জামিন করিয়ে দেবে বলে জানায় জিয়াউর রহমান। তার কথামতো তাকে সেই পরিমাণ টাকা দেওয়া হলে জামিন না করিয়ে ঘোরাতে থাকে সে। একপর্যায়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে পুলিশের কাছে অভিযোগ করে ভুক্তভোগী পরিবার।
উল্লেখ্য, আসামি শাহাবুলের সঙ্গে প্রেমের সম্পর্কের সুবাদে চলতি বছরের শুরুতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই গ্রামের ৮ম শ্রেণি পড়ুয়া এক কিশোরী। এ ঘটনায় গত ১৬ জুলাই শাহাবুলকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা করেন কিশোরীর বাবা। মামলার পরদিনই শাহাবুলকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে কারাগারে রয়েছে সে। একপর্যায়ে শাহাবুলের পরিবারের সঙ্গে সমঝোতা হয় কিশোরী পরিবারের। শাহাবুল কারাগারে থাকা অবস্থায় উভয় পরিবার মিলে কাবিন রেজিস্ট্রি করা হয়। এরপর থেকে শাহাবুলকে ছাড়াতে চেষ্টা চালাতে থাকে দুই পরিবার।
