করোনাভাইরাসের মহামারীতে উত্তর আমেরিকায় মৃতের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে। মহাদেশটিতে আক্রান্তের সংখ্যাও সবচেয়ে বেশি। ওয়ার্ল্ডওমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী উত্তর আমেরিকায় এ পর্যন্ত ৮৫ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। বিশ্বের অন্য যেকোনো মহাদেশের চেয়ে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের মহাদেশ উত্তর আমেরিকা।
ওয়ার্ল্ডওমিটারসের বলছে, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী উত্তর আমেরিকায় ৮৫ লাখ ২৭ হাজার ৪৫৬ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এই সময়ে মারা গেছে ৩ লাখ ৩ হাজার ৩০৭ জন। ইউরোপে আক্রান্ত হয়েছে ৪৬ লাখ ২৩ হাজার ৪৬২ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ লাখ ১৮ হাজার ৪৯০ জন। এশিয়ায় আক্রান্তের সংখ্যা ৯৮ লাখ ৭৫ হাজার ৪৬৩ জন; মারা গেছে ১ লাখ ৮৩ হাজার ২৩০ জন। দক্ষিণ আমেরিকায় আক্রান্ত ৭৬ লাখ ৯৭ হাজার ১০৩ জন; মারা গেছে ২ লাখ ৪৩ হাজার ১১ জন। আফ্রিকায় আক্রান্ত হয়েছে ১৪ লাখ ৩৮ হাজার ১৪৮ জন; মারা গেছে ৩৪ হাজার ৫৯৭ জন। ওশেনিয়া মহাদেশে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৮৬৫ জন; করোনায় মারা গেছে ৯০০ জন।
এ ছাড়া ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৭১ লাখ ৪৬ হাজার ৮৮০। মৃত্যু হয়েছে ২ লাখ ৬ হাজার ৮৬৪ জনের। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫৭ লাখ ৬৫ হাজার ৭৪৪। এর মধ্যে ৯১ হাজার ৪৩৫ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৪৬ লাখ ২৭ হাজার ৭৮০। এর মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৬৬৫ জনের মৃত্যু হয়েছে। রাশিয়ায় আক্রান্ত ১১ লাখ ২৮ হাজার ৩৬ জন; মারা গেছে ১৯ হাজার ৯৮৪ জন। কলম্বিয়ায় ৭ লাখ ৮৪ হাজার ২৬৮ জন আক্রান্ত হয়েছে; মারা গেছে ২৪ হাজার ৮৪৬ জন। মেক্সিকোতে আক্রান্ত ৭ লাখ ১০ হাজার; মারা গেছে ৭৫ হাজার জন। যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯ হাজার ৭২৯; মারা গেছে ৪১ হাজার ৮৬২ জন। ইতালিতে আক্রান্ত হয়েছে ৩ লাখেরও বেশি; মারা গেছে প্রায় ৩৬ হাজার। এ ছাড়া পেরু, ফ্রান্স, স্পেন, ইরান, দক্ষিণ আফ্রিকা, চিলিসহ অনেক দেশেই ২০ হাজারের বেশি করে মানুষের মৃত্যু হয়েছে। ওইসব দেশে আক্রান্তের সংখ্যাও ৫ লাখের বেশি।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
