মহরত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী

নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরবে ‘ভালোবাসা প্রীতিলতা’

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৩:৩০ এএম

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ভালোবাসা প্রীতিলতা’ নতুন প্রজন্মের কাছে বিপ্লবী আন্দোলনের ইতিহাস তুলে ধরবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলের তথ্য ভবনে সরকারি অনুদানে নির্মিতব্য এ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, ‘সেই সময় যখন নারীরা ঘর থেকে বের হতো না, তখন মেধাবী প্রীতিলতা যেভাবে আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন, সেটি সমগ্র উপমহাদেশে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। আজ প্রীতিলতাকে নিয়ে সিনেমা নির্মিত হচ্ছে এবং আশা করা যায় যে এটি দেশের সীমানা ছাড়িয়ে ভারত ও অন্যান্য দেশেও প্রদর্শিত হবে। সুন্দরভাবে নির্মিত হলে এটি ইতিহাসকে সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্ম যারা ত্রিশের দশকের বিপ্লবী আন্দোলনের ইতিহাস জানেন না, তাদের সঠিক ইতিহাস জানানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

প্রত্যেক চলচ্চিত্রে একটি বার্তা থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘চলচ্চিত্র শুধু বিনোদন নয়, শুধু ইতিহাস নয়, এটি মানুষকে উদ্দীপ্ত করে। আজ অনেক মানুষ শুধু নিজেকে নিয়ে ভাবে, অথচ প্রায় শতবর্ষ আগে প্রীতিলতা নিজের জীবন বিলিয়ে দিয়েছেন দেশের জন্য।’

চলচ্চিত্রের সুসময় ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক্ষেপ নিয়েছেন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘চলতি বছর থেকে আমরা চলচ্চিত্রের অনুদান ৫ কোটি থেকে ১০ কোটি টাকায় উন্নীত করেছি। এ বছর সর্বোচ্চ ১৬টি চলচ্চিত্রের জন্য অনুদান দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বন্ধ সিনেমা হল চালু, নতুন হল নির্মাণ এবং আধুনিকায়নের জন্য সহজ শর্তে দীর্ঘমেয়াদি ঋণ তহবিল গঠনের অনুমতি দিয়েছেন। সুতরাং আবারও অনেক সিনেমা হল চালু হবে।’

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার। আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য রাখেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া ও সাংস্কৃতিক সংগঠক আমিন হেলালী। ‘ভালোবাসা প্রীতিলতা’ চলচ্চিত্রের পরিচালক প্রদীপ ঘোষ, সংগীত পরিচালক বাপ্পা মজুমদার ও অভিনেতা মান্নান হীরা নির্মিতব্য সিনেমাটির ওপর আলোকপাত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত