ভারতের সাধারণ নাগরিকদের সমস্যার দিকে নজর না দিয়ে বলিউড তারকাদের অন্দরমহল নিয়ে মিডিয়ার মনোযোগে বিরক্ত বিখ্যাত গীতিকবি জাভেদ আখতার।
এই মুহূর্তে সারা ভারত সরগরম বলিউডের মাদক চক্রের খবর নিয়ে। একের পর এক প্রথম সারির তারকার নাম উঠে আসছে জিজ্ঞাসাবাদে। শনিবারই নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র সমনে হাজিরা দেন দীপিকা পাডুকোন, শ্রদ্ধা কাপুর ও সারা আলী খান।
কিন্তু এই মাদক যোগের প্রসঙ্গ প্রথম সামনে আসে এক বছর আগে, যখন করণ জোহর তার হাউস পার্টির ভিডিও শেয়ার করেন। বর্তমান পরিস্থিতিতে সেই ভিডিও ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এই প্রসঙ্গে মিডিয়াকে কটাক্ষ করলেন জাভেদ আখতার। তার মতে, বিতর্কিত কৃষি বিলের মতো বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে সব মিডিয়া এখন ব্যস্ত হয়ে পড়েছে এক বছর আগে করণ জোহরের অন্দরমহলে পার্টিতে ঠিক কী হয়েছিল তা জানতে।
টুইটারে জাভেদ আখতার লেখেন, “করণ জোহর যদি তার পার্টিতে কয়েক জন কৃষককে আমন্ত্রণ জানাতেন, তাহলে টিভি চ্যানেলগুলোর কাজ খানিকটা হলেও সহজ হয়ে যেতো। তাদের কৃষক আন্দোলন এবং করণের পার্টির মধ্যে কোনো একটিকে বেছে নিতে হতো না। এখন তো দেখে মনে হচ্ছে করণের বাড়ির পার্টিই সব চ্যানেলের কাছে বেশি প্রিয় হয়ে উঠেছে।”
শুধু জাভেদ আখতারই নয়, মিডিয়ার এমন ভূমিকায় নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই মুখ খুলেছেন।
করণ জোহরের তোলপাড় করা সেই পার্টিতে উপস্থিত ছিলেন দীপিকা, রণবীর কাপুর, ভিকি কৌশল, শহীদ কাপুর, বরুণ ধাওয়ান, মালাইকা আরোরা, অর্জুন কাপুর, জোয়া আখতার ও অয়ন মুখোপাধ্যায়।
২০১৯ সালের ৩০ জুলাই করণ জোহর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এই ভিডিও। তার পরেই শিরোমণি অকালি দলের বিধায়ক মনজিন্দর সিং শিরসা অভিযোগ করেন পার্টিতে মাদক সেবন করছিলেন সেলিব্রিটিরা। এই অভিযোগ উড়িয়ে দিয়ে করণ জোহর সেই সময়ে বলেছিলেন, তিনি অতটাও বোকা নন যে মাদক পার্টির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন।
সেই সময়ে বিষয়টি ধামাচাপা পড়লেও ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পরই ফের প্রকাশ্যে আসতে শুরু করেছে বলিউডের অন্ধকার নানা দিক।
এ নিয়ে শুক্রবার টুইটারে এক পাতার বিবৃতি প্রকাশ করেছেন করণ। সেখানে দাবি করেছেন, তিনি কোনো দিন মাদক সেবন করেননি। কখনই কাউকে মাদক সেবন করার ব্যাপারে প্ররোচনা দেননি। তার বাড়িতে কখনো কোনো পার্টিতে মাদকের ছড়াছড়ি হয়নি। যেসব ফুটেজ মিডিয়া দেখাচ্ছে সেগুলো সব ভুয়া। তার সঙ্গে মাদকযোগের যে তথ্য তুলে ধরা হচ্ছে সেগুলো সব মিথ্যা।
করণ বলেন, “একের পর মিথ্যা অভিযোগ ও ভুল খবরে আমার, ধর্ম প্রোডাকশন ও আমার পরিবারের ওপর প্রভাব পড়ছে। আমাদের ঘৃণা ও উপহাসের পাত্র হিসেবে দেখা হচ্ছে।”
সম্প্রতি মাদক মামলায় গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিকে করণ জোহরের কর্মচারী হিসেবে পরিচয় দেওয়া হচ্ছে মিডিয়ায়। এ বিষয়ে বলেন, “একাধিক মিডিয়া চ্যানেল দেখাচ্ছে, ক্ষিতিজ প্রাসাদ নাকি ধর্ম প্রোডাকশনের ম্যানেজার। এটা সত্যি নয়। এমনকি অনুভব চোপড়াও ধর্ম প্রোডাকশনের কর্মী নয়। আমি তো অনুভবকে ব্যক্তিগতভাবে চিনিও না। ২০১১ থেকে ২০১২ সালের মধ্যে একটি প্রজেক্টে সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে দুই মাসের জন্য ধর্ম প্রোডাকশনের সঙ্গে কাজ করেছিল অনুভব। তারপর আর কখনো কাজ করেনি। ক্ষিতিজ ২০১৯ সালে একটি প্রজেক্টে কাজ করেছিল ধর্ম প্রোডাকশনের সঙ্গে। কিন্তু সেই প্রজেক্ট রিলিজ করেনি।”
