তিস্তার ১১৩ কি.মি. খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৫ পিএম

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, তিস্তা নদীর ১১৩ কিলোমিটার খননের উদ্যোগ নিয়েছে সরকার। এতে করে তিস্তায় ভাঙনরোধ করা সম্ভব হবে।

শনিবার লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ও আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অবৈধ বালু উত্তোলনে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নইলে ভাঙনরোধে নির্মিত স্পার বাঁধগুলো রক্ষা কঠিন হয়ে দাঁড়াবে। পানি উন্নয়ন বোর্ড স্পারগুলো নির্মাণ করেছে। এটা রক্ষা করতে স্থানীয় জনগণ ও প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

এদিন সকাল ১০টায় সদর উপজেলার রাজপুর এলাকা পরিদর্শন করেন জাহিদ ফারুক। বেলা সাড়ে ১১টায় তিনি আদিতমারীর ভাঙনকবলিত এলাকায় যান।

এ সময় তার সঙ্গে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, জেলা প্রশাসক মো. আবু জাফর, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন, আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম, মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী প্রমুখ।

ভাঙন এলাকা ঘুরে দেখার সময় আদিতমারী উপজেলার চৌরাহা এলাকার বাসিন্দারা নদীতীরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেন। এ সময় প্রতিমন্ত্রীও ভাঙনকবলিত এলাকায় দ্রুত স্থায়ী এবং কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তাদের আশ্বস্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত