অবৈধ সংযোগ

সাভারে গ্যাস লাইন বিস্ফোরণ দুই জনের মৃত্যু

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০১:৫০ এএম

সাভারে বাসাবাড়িতে অবৈধভাবে দেওয়া গ্যাসের লাইন লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। গত শুক্রবার রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই টাইলস মিস্ত্রির মৃত্যু হয়। গত বৃহস্পতিবার রাতে সাভারের হেমায়েতপুর মোল্লাপাড়া এলাকার মাসুদ হোসেনের ভাড়াবাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

নিহতরা হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার বার্তাই দোপা গ্রামের মনসুর শেখের ছেলে ফরিদ আহাম্মেদ (৩৫) ও কুষ্টিয়া জেলার সাইফুল হোসেন হৃদয় (৪০)। তারা দুজনেই হেমায়েতপুর মোল্লাপাড়া এলাকার মাসুদ হোসেনের বাড়িতে ভাড়া থেকে টাইলস মিস্ত্রির কাজ করতেন। এ ঘটনায় আহত অপরজনের নাম মো. হাবিবুর (৩২)। সে নিহত ফরিদ আহাম্মেদের গ্রামের বাড়ির প্রতিবেশী।

গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নিহত ফরিদ আহাম্মেদের বোন রিক্তা আক্তার বাদী হয়ে সাভার মডেল থানায় বাড়ির মালিক মাসুদ হোসেন, অবৈধ সংযোগদাতা নবুর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা (নম্বর-৪৬) দায়ের করেছেন।

মামলার বাদী রিক্তা আক্তার বলেন, আমার ভাইসহ তিনজন মিলে যে কক্ষে ভাড়া থাকত, গ্যাসের চাপ বৃদ্ধির জন্য ওই কক্ষে বসানো একটি কম্প্রেসারের লিকেজ থেকে সবসময় গ্যাস বের হতো। বিষয়টি একাধিকবার জানানোর পরও বাড়ির মালিক তা ঠিক করে না দেওয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়ির মালিক মাসুদ হোসেন হাসপাতালে গিয়ে প্রথমে আমাদের সঙ্গে সমঝোতা করতে চাইলেও পরবর্তী সময়ে সেখানকার এক পুলিশ সদস্যের সহায়তায় পালিয়ে যায়।

সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মাসুদ হোসেনের বাড়ির যে কক্ষে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানকার প্রতিটি দেয়াল ফেটে গেছে এবং ঘরের ভেতরে থাকা কাপড়সহ বিভিন্ন সরঞ্জামাদির আংশিক পুড়ে গেছে। বাড়ির কোনায় কোনায় লাগানো গ্যাসের চুলাগুলো নিজেরাই অপসারণ করে পালিয়ে গেছেন বাড়ির মালিক। এমনভাবে সুকৌশলে দেয়াল দিয়ে রাইজার লুকিয়ে রাখা হয়েছে যে, বাহির থেকে বুঝার কোনো উপায় নেই।

এদিকে গ্যাস বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই বাড়িসহ আশপাশের বিভিন্ন বাসাবাড়িতে দেওয়া প্রায় পাঁচ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

সাভার তিতাসের সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম বলেন, গ্যাস বিস্ফোরণের ঘটনায় ওই এলাকার প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন বাসাবাড়িতে অভিযান চালিয়ে পঁাঁচ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি রাইজার ও চুলাসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অপরাধে বাড়ির মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সুজন শিকদার বলেন, যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি রাজধানীর শাহবাগ থানায় কর্মরত। আমাদের কোনো পুলিশের সঙ্গে বাড়ির মালিকের দেখা হয়নি। যেহেতু সে মামলার আসামি তাই খুব দ্রুত সময়ের মধ্যে তাকে এবং তার সহযোগীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত