মানিকগঞ্জে দুই দিন ধরে নিখোঁজ শ্রমিক

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৩ এএম

জেলার সিংগাইরে শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে ফেরার পথে নিখোঁজ হয়েছেন আজিজুল ইসলাম ওরফে আজি নামে এক কারখানা শ্রমিক।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সিংগাইর থানায় সাধারণ ডায়েরি করলেও দুই দিনেও তার কোনো খোঁজ মেলেনি।

বিষয়টি সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুজ্জামান নিশ্চিত করে বলেন, সিংগাইর উপজেলার জার্মিত্তা ইউনিয়নের কহিলাতলী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আজিজুল ইসলাম ওরফে আজি (৩২) স্থানীয় সুতার কারখানা মুমানু পলিস্টার ইন্ড্রাস্টিজের একজন সাধরণ শ্রমিক।

শুক্রবার বিকেলে তিনি পার্শ্ববর্তী চান্দহর গ্রামে শ্বশুর বাড়িতে যান। শ্বশুর বাড়ি থেকে রাত ৮টার দিকে ৩৫ হাজার টাকা নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

আজিজুলের বড় ভাবি জাহানারা বেগম জানান, সম্ভাব্য সকল স্থানে তাকে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্ত্রী, সন্তান আর মা-বাবা পাগলপ্রায়।

শনিবার বিকেলে এ ঘটনায় সিংগাইর থানায় সাধারণ ডায়েরি করেছেন আজিজুলের বাবা আনোয়ার হোসেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুজ্জামান বলেন, নিখোঁজ আজিজুলের বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তার সন্ধানে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত