চট্টগ্রাম নগরীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে এক তরুণী (২০) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ডবলমুরিং এলাকার ওই ঘটনায় সোমবার এক তরুণীসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগীর ভাষ্য, গত রবিবার রাতে ডবলমুরিং থানাধীন সুপারিওয়ালা পাড়ায় ধর্ষণের শিকার হন তিনি। গ্রেপ্তাররা হলো, নুরী আক্তার (২০), তার স্বামী মোহাম্মদ অন্তর (২২) ও মো. রাজিব (২০)।
ভুক্তভোগী জানান, কিছুদিন আগে ফেনী থেকে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় চাচার বাসায় বেড়াতে আসেন ওই তরুণী। অভিযুক্ত নূরী আক্তার তার চাচাতো বোনের পূর্বপরিচিত। সেই সূত্রে নূরী বেগমের সঙ্গে সুপারিওয়ালা পাড়ায় বেড়াতে যান ওই তরুণী। এরপর কৌশলে তাকে বাড়ির মালিক চান্দু মিয়ার বাসায় রেখে সটকে পড়ে নূরী। এরপর চান্দু ওই তরুণীকে ধর্ষণ করে।
ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ জানান, ধর্ষণের শিকার তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়েছে। পলাতক চান্দুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
