ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। সম্প্রতি নতুন লুকে হাজির হয়েছেন। কথা চলছে বড় বাজেটের ওয়েব সিরিজ নিয়ে। তার সঙ্গে কথা বলেছেন রণ
বড় বাজেটের ওয়েব সিরিজ...
গত দু’দিন ধরে অনেকেই আমাকে ফোন করেছেন। তারা জানতে চাইছেন আমি শিহাব শাহীনের পরিচালনায় চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ওয়েব সিরিজে কাজ করছি কি-না। কিন্তু আমি সত্যিই এখন এটা নিয়ে কিছু বলতে পারব না। শুধু এটুকু বলতে পারি, আমার সঙ্গে কাজটির ব্যাপারে কথা হয়েছে। তাতে মনে হয়েছে, যদি কাজটা হয় তাহলে একটা ধামাকা হবে। অনেক বড় আয়োজনে কাজটি হবে। গল্পটিও অদ্ভুত সুন্দর। সবার শুভকামনা থাকলে আমি কাজটি করতে পারি।
নতুন লুক...
খুব অল্প বয়সে অভিনয়ে চলে আসি। প্রথম থেকেই দর্শকের এত সাপোর্ট পাই যে আর অন্যকিছু ভাবার সময় পাইনি। এর মধ্যে অর্ধযুগ পার করে ফেললাম। লকডাউনের অখ- অবসরে নিজের দিকে তাকানোর সময় হয়েছে। অনুধাবন করলাম আমি বেশ মোটা হয়ে গেছি। উচ্চতা অনুযায়ী বেশ ওজন বেড়েছে। মেপে দেখলাম ৮২ কেজি। ঝটপট ওজন ঝরানোর সিদ্ধান্ত নিলাম। এরপর জিম করেছি, নিজেকে একটু অন্যভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। কয়েক মাসের পরিশ্রমের ফলে এখন আমার ওজন ৭২ কেজি। ওজন ঝরিয়ে অনেক দিন পর কয়েকটি ফটোশ্যুট করলাম। সেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর ভক্ত ও সহকর্মীদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। নিজের কাছেও ভালো লাগছে অন্যরকম লুকে নিজেকে দেখে। তবে আরও কয়েক কেজি ওজন কমালে নিজের কাছে তৃপ্ত হব। আসলে একজন শোবিজের মানুষ হিসেবে তো আমাকে ফিট থাকতেই হবে, তবে একজন সাধারণ মানুষ হিসেবেও কিন্তু উচিত নিজেকে সব সময় ফিট রাখা। তাতে এক ধরনের কনফিডেন্ট বাড়ে। মানসিক প্রশান্তি কাজ করে। অনেকে বলছেন বড়পর্দার জন্য আমি ফিট হচ্ছি কি-না। আসলে তেমন কিছু নয়, আমি এখন বড়পর্দা নিয়ে ভাবছিই না। আরও একটু সময় লাগবে বড়পর্দায় কাজের জন্য।
নতুন ৫ নাটক...
ঈদের পর দু’মাস চলে যাচ্ছে। অনেকে এর মধ্যে প্রচুর কাজ করেছেন, তবে আমি একটু দীর্ঘ ছুটি নিয়েছিলাম ঈদে। এরপর ফিরে ৫টি নতুন নাটক করেছি। এখন দর্শক রোমান্টিক গল্পের মধ্যে কমেডির ছোঁয়া দেখতে চান। সে ধরনের গল্পেই বেশি কাজ করেছি। এই মুহূর্তে মনে পড়ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তুমি আমারই’ ও আমার অভিনীত ‘ফ্ল্যাটমেট’ নাটকের সিকোয়েল। দুটি নাটকেই আমার সহশিল্পী তানজিন তিশা। আশা করছি কাজ দুটি দর্শকের পছন্দ হবে।
ওয়েবের জোয়ার...
এখন ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মের জোয়ার শুরু হয়েছে। যখন এই জোয়ার শুরু হয়নি তখনই আমি ‘অ্যাডমিশন টেস্ট’ ও ‘বাঘবন্দি’ নামে দুটি ওয়েব সিরিজ করে দারুণ সাড়া পেয়েছিলাম। এখন ইচ্ছা করছে আরও বেশ কিছু ভালো কাজ ওয়েবের জন্য করতে। কারণ ওয়েবের কাজ নাটকের চেয়ে একটু ভিন্নভাবে ভাবা হচ্ছে। অভিনেতা হিসেবে এই এক্সপ্লোরেশনের দরকার আছে।
