সাতক্ষীরায় মোটরসাইকেল-ট্রলি সংঘর্ষে নিহত ২

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০১:১৭ পিএম

সাতক্ষীরা-যশোর মহাসড়কের মাধবকাটিতে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ট্রলিটি জব্দ করেছে।

নিহতরা হলেন- সাতক্ষীরা শহরের বদ্দিপুর কলোনি এলাকার মোফাব্বর আলীর ছেলে  রাকিবুর রহমান (২৪) ও শহরের মুনজিতপুর এলাকার আমজেদ আলীর ছেলে মোখলেছুর রহমান (২৮)। 

আহতরা হলেন- শহরের বদ্দিপুর কলোনি এলাকার শামসুর রহমানের ছেলে আসাদুল ইসলাম ও সদর উপজেলার রামেরডাঙ্গা গ্রামের আব্দুল আজিজের ছেলে শাহজান কবিরসহ তিনজন।

আহতদের মধ্যে আসাদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। অন্য দুইজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, মাটি বহনকারী ট্রলিটি মাধবকাটি বাজার মোড় পেরিয়ে প্রধান সড়কে উঠছিল।

এ সময় যশোর অভিমুখে যাওয়া তিন আরোহীসহ একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুইজন। এ সময় আহত হন আরও তিনজন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুইজনের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং জব্দ করা হয়েছে ট্রলিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত