মেজর লিগ সকারে হিগুয়েইনের দুঃস্বপ্নের অভিষেক (ভিডিও)

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৬ পিএম

এর চেয়ে খারাপ আর কি হতে পারত গঞ্জালো হিগুয়েইনের সঙ্গে!

নতুন মৌসুমে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন তারকা। রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের সাবেক ফরোয়ার্ড ক্লাবটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন। কিন্তু মায়ামির হয়ে অভিষেকটা ভুলে যেতে চাইবেন হিগুয়েইন। এক কথায় দুঃস্বপ্নের অভিষেক হয়েছে তার।

মায়ামির অন্যতম মালিক সাবেক ইংলিশ ফুটবল তারকা ডেভিড বেকহাম। যিনি এক সময় এই ক্লাবটিতে খেলেছেনও। বেকহামের পর হিগুয়েইনই ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন। বছরে ৭.৫ মিলিয়ন ইউরো পাচ্ছেন এই তারকা।

কিন্তু সোমবার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে হেরে গেছে হিগুয়েইনের দল। এদিন ০-৩ গোলে হেরেছে ইন্টার মায়ামি।

শুধু হারলে হয়তো শিরোনাম হওয়ার মতো ব্যাপার ঘটত না। আসলে হিগুয়েইনের এদিন কোনো কিছুই পক্ষে ছিল না। ম্যাচের ৭৬ মিনিটে পেনাল্টি মিস করেন। যখন দল পিছিয়ে ছিল ২-০ গোলে।

স্পট কিক থেকে নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে মারেন হিগুয়েইন। এ সময় ইউনিয়নের এক খেলোয়াড় তার মুখের সামনে লাফিয়ে উল্লাস করেন। প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে তার হট্টগোলও বাঁধে।

অথচ ম্যাচের গল্প ভিন্নও হতে পারত। কিন্তু এখানেও ফুটবল বিধাতা মুখ ফিরিয়ে রেখেছিলেন হিগুয়েইনের কাছ থেকে। তার দুর্দান্ত এক বাইসাইকেল কিক পোস্টে লেগে বেরিয়ে যায়। এরপর গোলরক্ষককে একবার একা পেয়েও বল জালে জড়াতে পারেননি হিগুয়েইন।

সব মিলে গোলমুখে ৪টি শট নিয়েছেন হিগুয়েইন। অবশ্য তিনটিই ছিল অফ টার্গেট। ৪৭ বার বলের নিয়ন্ত্রণ পেয়েছেন তিনি, চারবার ফাউলের শিকার হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত