খুলনা মহানগরীর খালিশপুরে প্লাটিনাম জুট মিলস্ স্কুলের ছাত্র মফিজুল ইসলাম বাপ্পীকে (১৬) হত্যা মামলায় একজনের ফাঁসি ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার বেলা দুপুর ১২টায় খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২ আসামিকে খালাস দেয়া হয়।
ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি হলেন মো. রকি। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মো. নজরুল, রবিউল, আল আমিন, মিলন ও মুজিব হাওলাদার। খালাসপ্রাপ্ত আসামি হচ্ছে ইব্রাহিম ওরফে বাহাদুর ও মো. হাসান।
আদালত সূত্র জানায়, ২০১০ সালের ১০ অক্টোবর সন্ধ্যায় প্লাটিনাম স্কুল মাঠে বাপ্পী তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসীরা বাপ্পীর বন্ধু রাজুর ওপর হামলা করেন। বন্ধুকে বাঁচাতে বাপ্পী সন্ত্রাসীদের বাধা দিলে তারা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। এই সুযোগে তার বন্ধু রাজু পালিয়ে যায়।
এদিকে, খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হলে বাপ্পী দুইজন চিকিৎসকের কাছে মৃত্যুকালীন জবানবন্দি দেন। পরে ওই দিন রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই হাফিজুর রহমান বাদী হয়ে খালিশপুর থানায় মামলা করেন। গ্রেপ্তার হওয়ার পর আসামি রনি ও নজরুল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। ২০১২ সালের ৩১ মার্চ আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আজ রায় দেয় আদালত।
