বৃহস্পতিবার থেকে ফের অনুশীলনে ক্রিকেটাররা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪২ পিএম

চার দিনের বিরতি কাটিয়ে বৃহস্পতিবার থেকে ফের অনুশীলনে ফিরতে যাচ্ছেন টাইগাররা।

শ্রীলঙ্কা সফর সামনে রেখে ২৭ জনকে নিয়ে স্কিল ক্যাম্প শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সময় ক্রিকেটার-সাপোর্ট স্টাফরা সবাই ছিলেন জৈব সুরক্ষা বলয়ে।

শ্রীলঙ্কা সফর স্থগিত হলেও জৈব সুরক্ষা বলয়েই হবে ক্রিকেটারদের দ্বিতীয় ধাপের ক্যাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

গত সোমবার শ্রীলঙ্কা সফর স্থগিত হয়। লঙ্কানরা কোয়ারেন্টিন শর্ত শিথিল না করায় শ্রীলঙ্কা সফর না করার সিদ্ধান্ত নেয় বিসিবি।

তার আগে শনিবার সবশেষ অনুশীলন করেছিল ক্রিকেটাররা। রবিবার থেকে বিরতি দেওয়া হয় ক্যাম্পে। শ্রীলঙ্কা সফর স্থগিত হলেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, ক্রিকেটারদের স্কিল ক্যাম্প চলবে। নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচও খেলবে ক্রিকেটাররা।

শ্রীলঙ্কা সফরের জন্য ক্যাম্প শুরুর আগে একাধিকবার করোনা পরীক্ষা হয়েছে টাইগারদের। গত ২২ সেপ্টেম্বর সবশেষ ২৭ ক্রিকেটারের মধ্যে ২৬ জনেরই করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। শুধু মাত্র আবু জায়েদ রাহী কোভিড-১৯ পজিটিভ হন।

ফের ক্যাম্প শুরুর আগে বুধবার আরেক দফা সবার করোনা পরীক্ষা হয়েছে। বৃহস্পতিবার পাওয়া যাবে ফল। এরপরই ক্রিকেটাররা ঢুকে পড়বেন বায়ো-বাবল বা জৈব সুরক্ষা বলয়ে।

বিসিবি প্রেরিত ভিডিও বার্তায় দেবাশীষ চৌধুরী বলেন, ‘জৈব সুরক্ষা বলয়ের দ্বিতীয় দফা আগামীকাল শুরু হতে যাচ্ছে। আজ জাতীয় দলের ক্রিকেটার, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ এবং অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নমুনা সংগ্রহ করা হয়েছে।’

‘সব মিলিয়ে প্রায় ১০০ জনের টেস্ট করিয়েছি। আগামীকাল ফলাফলের ভিত্তিতে জাতীয় দল হোটেল সোনারগাঁওয়ে ও অনূর্ধ্ব-১৯ দল বিকেএসপিতে চলে যাবে। ওখান থেকে তারা অনুশীলন কার্যক্রম শুরু করবে।’

তিনি আরো বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়, হোটেল কর্তৃপক্ষ, বিকেএসপি ও বিসিবি মিলে জৈব সুরক্ষা বলয়টি নিয়ন্ত্রণ করবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত