সাভারে কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ০৩:৩৬ পিএম

ঢাকার সাভার হেমায়েতপুরে একটি প্লাস্টিক টিউব কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে হেমায়েতপুর হরিণধরা ‘পদ্মা ক্যানস’ নামে ওই ফ্যাক্টরিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- শরিফ (১৮), সোহেল রানা (১৮), মেহেদী হাসান (৩০), রেজওয়ান হোসেন (১৮) ও হিরণ (৩০)।

কারখানাটির কর্মকর্তা মো. মনিরুজ্জামন জানান, ৮ তলা ভবনের ৪র্থ তলায় তাদের এই কারখানা। এখানে টুথপেস্ট, ফ্রেসওয়াশ ভরার টিউব বানানো হয়। দুপুরে তারা বেশ কয়েকজন কর্মচারী একটি রুমে কাজ করছিলেন। তখন সেখানে মেশিনের সঙ্গে সংযুক্ত থাকা একটি ছোট গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে কারখানাটির এই ৫ কর্মচারী দগ্ধ হন। আর সাইদ (২৫) নামে আরেক কর্মচারী হাতে আঘাত পেয়েছেন। তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সান্ত লাল সেন জানান, শরিফের শরীরের ২ শতাংশ, সোহেল রানার ৭, মেহেদী হাসানের ১০, রেজওয়ান হোসেন ৩ ও হিরণের শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকেই অবজারভেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত