বরিশালে ফিলিস্তিনি ছাত্রদের মানববন্ধন

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ০৪:৩৮ এএম

ইসরায়েলের সঙ্গে বিশ্বের কতিপয় ইসলামি রাষ্ট্রের সম্পর্ক স্থাপনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে স্থানীয় শের-ই-বাংলা মেডিকেল কলেজে অধ্যয়নরত একদল ফিলিস্তিনি ছাত্র। গতকাল শনিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে ‘জেনারেল ইউনিয়ন অব প্যালেস্টিনিয়ান স্টুডেন্ট ইন বাংলাদেশ’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে ১০/১২ জন ফিলিস্তিনি ও কয়েকজন স্থানীয় শিক্ষার্থীসহ অর্ধশতাধিক মানুষ অংশ নেন। 

এ সময় ফিলিস্তিনি শিক্ষার্থীরা বলেন, ‘প্যালেস্টাইন আমাদের মাতৃভূমি। প্যালেস্টাইন বিশ্বের সব মুসলমানদেরও। কারণ জেরুজালেমে থাকা আল-আকসা মসজিদ মুসলমানদের জন্য তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদ। অথচ সেখানে দখলদার ইসরায়েল আমাদের লোকদের হত্যা করছে। ভূমি দখল করে নিচ্ছে। ঠিক এমন একটা দেশের সঙ্গে প্যালেস্টাইনের স্বার্থ লংঘন করে কিছু ইসলামি রাষ্ট্রের সম্পর্ক স্থাপনের বিষয়টি নিন্দাজনক। আমরা এই ঘটনার ধিক্কার জানাই। আমরা সেসব রাষ্ট্রের প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি জানাই। একই সঙ্গে বাংলাদেশ আমাদের সঙ্গে আছে বলে ধন্যবাদ জানাচ্ছি।’

বক্তারা বলেন, ‘বাংলাদেশ এক কথায় বিশ্বাসী। ১৯৭১ সাল থেকে প্যালেস্টাইনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই সম্পর্ক একইভাবে বজায় রয়েছে। যা ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত