পুথিগত বিদ্যা অর্জনই পড়াশোনার মূল উদ্দেশ্য নয় বরং শেখার মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়ে তোলে সমৃদ্ধ দেশ গড়ার কাজে অংশ নিতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রবিবার সকাল ১০টায় রাজধানীর ঢাকা কলেজের আয়োজনে সারা দেশে উচ্চমাধ্যমিক ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, আমরা এমন একটি দেশে জন্মেছি যার একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। আমরাই একমাত্র জাতি যারা মাতৃভাষার সম্মান রক্ষায় বীরদর্পে জীবন বিসর্জন দিয়েছি। আমাদের এই সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষার ইতিহাস আপনাদের জানতে হবে। তবেই একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়া সম্ভব হবে।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদের সঞ্চালনায় ভার্চুয়াল অনলাইন ক্লাস উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক।
মূল অনুষ্ঠানের সঙ্গে অনলাইনে যুক্ত ছিলেন একাদশে নতুন ভর্তিকৃত চার শ শিক্ষার্থী।
