ইউনিসেফের শুভেচ্ছাদূত হলেন মুশফিকুর রহিম

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১০:৫৭ পিএম

জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়েছেন। রবিবার জাতিসংঘের অঙ্গসংগঠন ইউনিসেফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

বাংলাদেশে শিশু অধিকার ও যুবসমাজে সচেতনতা তৈরিতেও ইউনিসেফের সঙ্গে কাজ করবেন মুশফিক।

ইউনিসেফের সংবাদ বিজ্ঞপ্তিতে মুশফিক বলেন, শিশু অধিকার এবং ইউনিসেফের কাজ- দুটোই আমার হৃদয়ের খুব কাছাকাছি এবং নিজের কথাগুলো ছড়িয়ে দিতে এটি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। একজন ক্রিকেট খেলোয়াড় এবং একজন বাবা হিসেবে আমি শিশুদের জন্য, বিশেষ করে সবচেয়ে ঝুঁকির মুখে থাকা শিশুদের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে মানুষকে একত্রিত করতে যথাসাধ্য চেষ্টা করব।

ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি টোমো হোযুমি মুশফিককে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘মুশফিকুর রহিম জাতীয় দূত হিসেবে ইউনিসেফে যোগদান করায় আমরা তাকে আন্তরিক অভ্যর্থনা জানাতে চাই। শিশু অধিকারের প্রতি দৃঢ় প্রতিশ্রুতির পাশাপাশি তার সম্মান, মেধা ও উপস্থিতি দিয়ে তিনি সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নেবেন।’

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘মুশফিকুর রহিম শিশুদের দাবি-দাওয়া জোরালোভাবে তুলে ধরতে ক্রিকেটাঙ্গনের দীর্ঘকালীন ঐতিহ্য ধরে রেখেছেন। আমরা মনেপ্রাণে আশা করছি যে, ইউনিসেফের সঙ্গে এই ঘনিষ্ঠ সহযোগিতা বাংলাদেশের শিশুদের স্বাস্থ্য ও সুন্দর জীবন গঠনে অবদান রাখবে।’

মুশফিকের আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসান ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত