জন্মদিনে তামিম-মুশফিকদের শুভেচ্ছায় সিক্ত মাশরাফী

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১১:৩৬ পিএম

জন্মদিনে সতীর্থদের শুভেচ্ছা বার্তা, ভালোবাসায় সিক্ত হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

সোমবার ছিল মাশরাফীর ৩৮তম জন্মদিন। এদিন জাতীয় দলের ক্রিকেটাররা মিরপুরে নিজেদের মধ্যে দ্বিতীয় অনুশীলন ম্যাচে ব্যস্ত ছিলেন। তবে মাশরাফীর জন্মদিনের কথা ভুলে যাননি কেউই।

বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ থেকে শুরু করে তরুণ তারকারাও মাশরাফীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। তালিকায় রয়েছেন অন্য খেলার তারকারাও।

মাশরাফী ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন তামিম। যিনি আগে বেশ ক’বারই বলেছেন অধিনায়ক হিসেবে মাশরাফীই তার আদর্শ।

তামিম এদিন মাশরাফীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেইসবুকে ‍দুজনের একটি ছবি পোস্ট করেছেন। ছবিটির গায়ে ও পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন মাশরাফী ভাই।’

মাহমুদউল্লাহ রিয়াদও মাশরাফী সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন। ক্যাপশন দিয়েছে এভাবে, ‘শুভ জন্মদিন আমার প্রিয় ভাই। মহান আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য দান করুণ।’ এরপর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘লিজেন্ড’।

মুশফিকুর রহিম নিজের ও সবার জন্য একজন রোলমডেল হিসেবে উল্লেখ করেছেন মাশরাফীকে। দুজনের আনন্দঘন মুহূর্তের একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন ম্যাশ- লক্ষ লক্ষ মানুষের জন্য এক অনুপ্রেরণা। মাঠে ও মাঠের বাইরে একজন রোলমডেল হওয়ায় আপনাকে ধন্যবাদ। কিংবদন্তি, দোয়া ও শুভ কামনা সব সময় আপনার সঙ্গে রয়েছে।’

মাশরাফী বিন মোর্ত্তজা ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইল শহরের আলাদাতপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। মাশরাফীর বাবার নাম গোলাম মোর্ত্তজা স্বপন এবং মাতার নাম হামিদা বেগম বলাকা।

৫ অক্টোবর মাশরাফীর ছেলে সাহেল মোর্ত্তজারও জন্মদিন। নড়াইলে বাবা-ছেলের জন্মদিন উদ্‌যাপিত হয়েছে নানা আয়োজনে। উল্লেখ্য, ক্রিকেটার মাশরাফী নড়াইল-২ আসনের সংসদ সদস্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত