ভোট কেনা-বেচার অভিযোগে গণবিক্ষোভের মুখে কিরগিজস্তানের নির্বাচনের ফলাফল বাতিল করেছে দেশটির নির্বাচন কমিশন।
রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, রবিবার অনুষ্ঠিত হওয়া নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পরদিন সন্ধ্যায় রাস্তায় নেমে আসে সাবেক সোভিয়েত রাষ্ট্রটির জনগণ।
রাশিয়ার সমর্থিত প্রেসিডেন্ট সরোনাবাই জিনবেকভের পদত্যাগ ও পুনর্নির্বাচনের দাবি জানায় বিরোধীরা।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানায়, ‘নির্বাচনের ফলাফল বাতিল করা হয়েছে।’
প্রধান নির্বাচন কমিশনার নুরজাহান শালিদাবেকোভা বলেন, ‘দেশে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি না হওয়ার জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
নির্বাচনে প্রেসিডেন্ট জিনবেকভের বড় ধরনের বিজয়ের পেছনে ব্যাপক ভোট কেনার অভিযোগ তোলে অন্যান্য দলগুলো।
রাজধানী বিশকেকে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সঙ্গে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে কিরগিজ পার্লামেন্ট দখল করে নেয় বিক্ষোভকারীরা। বন্দী থাকা সাবেক প্রেসিডেন্ট আলমাজবেক আটামবায়েভকেও মুক্ত করে আনে।
বার্তা সংস্থা এএফপি জানায়, প্রেসিডেন্টের অফিসও দখলে নিয়ে নেয় জনতা। পার্লামেন্ট ভবনের ভেতরেই প্রেসিডেন্টের অফিস। বিক্ষোভকারীরা সেখানে সেখানে বসে ছবিও তুলেছেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিক্ষোভকারীরা একটি কারাগার থেকে প্রাক্তন প্রেসিডেন্ট আটামবায়েভকে মুক্ত করে দিয়েছেন।
কোনো রক্তপাত বা সংঘর্ষ ছাড়াই তারা সাবেক প্রেসিডেন্টকে মুক্ত করেছেন। প্রেসিডেন্ট জিনবেকভের বিরাগভাজন হওয়ায় তাকে বন্দী করা হয়েছিল।
