করোনাভাইরাসে আক্রান্ত এক মন্ত্রীর সংস্পর্শে আসার পর থেকে ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার শঙ্কায় কোয়ারেন্টাইনে ছিলেন। তবে এ যাত্রায় বেঁচে গেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।
বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, মুহিউদ্দিনের কভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে।
গত শনিবার সরকারের একটি উচ্চ পর্যায়ে বৈঠকে অংশ নিয়েছিলেন মুহিউদ্দিন। পরে ওই বৈঠকে অংশ নেওয়া ধর্ম সম্পর্কিত মন্ত্রী জুলকিফ্লি মোহামাদ আল-বাকরির শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে।
এই সংবাদে গত সোমবার থেকে কোয়ারেন্টাইনে চলে যান প্রধানমন্ত্রী মুহিউদ্দিন এবং ১৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী।
মুহিউদ্দিনের শরীর ভালো আছে বলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে। তবে ১৪ দিন পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি কোয়ারেন্টাইনে থাকবেন জানানো হয়েছে।
“প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বর্তমানে ভালো। এরপরও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেধে দেওয়া নিয়মানুযায়ী ১৪ দিনের সেলফ কোয়ারেন্টাইনেই থাকবেন তিনি।”
করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে অনেকটাই সফল মালয়েশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা মাত্র সাড়ে ১৩ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৪১ জনের।
