ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ

ছাত্রদল নেতার মোটরসাইকেল ছিনিয়ে নিলেন ছাত্রলীগ নেতা

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১১:০৫ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের টাকা ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছাত্রদল নেতার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে অভিযুক্ত জুয়েলসহ সাত ছাত্রলীগ নেতাকর্মীকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ করেন ছাত্রদল নেতা রুবেল।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সিন্দুর্না এলাকায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন ছাত্রলীগের অভিযুক্ত ওই নেতারা। আর সেই বালু বিভিন্ন জায়গায় বিক্রি করতেন ছাত্রদল নেতা রুবেল। উভয় দলের ওই নেতারা দীর্ঘদিন ধরে যৌথভাবে এ বালুর ব্যবসা করে আসছিলেন। সেই বালু উত্তোলনের টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত মঙ্গলবার বিকেলে উপজেলার বন্দর বাসস্ট্যান্ডে অভিযুক্ত ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদল নেতা রুবেলের বাইকটি ছিনিয়ে নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।

যোগাযোগ করা হলে সিন্দুর্না ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল বলেন, আমরা রুবেলের কাছে বালুর টাকা পাই। তাই মোটরসাইকেলটি নিয়ে আসা হয়েছে। হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান, এ ঘটনায় দুপক্ষই থানায় অভিযোগ করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত