বিএনপি নারী নির্যাতনের ঘটনাকে রাজনীতিকরণের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ধর্ষকরা কোনো দলের নয়, তারা দুষ্কৃতকারী। দলীয় পরিচয় ব্যবহার করার অপচেষ্টা চালালেও সরকার তাদের দুষ্কৃতকারী হিসেবেই দেখছে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে বদ্ধপরিকর।
গতকাল বুধবার সচিবালয়ে ‘ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার’-এর নেতাদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সভাপতি রেজওয়ানুল হক রাজা, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সৈয়দ ইশতিয়াক রেজা, রাশেদ আহমেদ, মানস ঘোষ, মামুনুর রহমান খান, হারুন তালুকদার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, নারী নির্যাতনের ঘটনা নিয়ে রাজনীতির অপচেষ্টা ঠিক নয়। ধর্ষকরা কোনো দলের নয়। নোয়াখালীতে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, তারা কোনো দলের নয়, সবাই দুষ্কৃতকারী। দুষ্কৃতকারীরা কোনো দলীয় পরিচয় ব্যবহার করার অপচেষ্টা চালালেও সরকার তাদের দুষ্কৃতকারী হিসেবেই দেখছে। প্রতিটি ঘটনার বিচার হচ্ছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, বিএনপি আট বছরের শিশু, অন্তঃসত্ত্বা নারী, এমনকি নৌকায় ভোট দেওয়ার অপরাধে পুরো গ্রাম অবরুদ্ধ করে নারী ও শিশুদের ধর্ষণ করেছে। ক্ষমতায় থাকলেও বিএনপি দলীয় এই অপকর্মগুলোর বিরুদ্ধে সরকার বা দলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়নি। সেই দলের মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন এ নিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলেন, তার আগে তার চেহারাটা আয়নায় দেখা প্রয়োজন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আরেক মন্তব্য, ‘দেশের অর্থনীতিও ভেঙে পড়ছে।’ এর জবাবে মন্ত্রী বলেন, ‘এ বছরের জুলাই থেকে সেপ্টেম্বরে রপ্তানি আয় হয়েছে ৯ দশমিক ৯ বিলিয়ন ডলার, যা গত বছরের এ সময়ের তুলনায় ২ দশমিক ৫৮ শতাং বেশি। জুলাই থেকে সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে ৬ দশমিক ৭১ বিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ৪৮ দশমিক ৫ শতাংশ বেশি। অনেকে বলেছিলেন বিদেশ থেকে লাখ লাখ কর্মী ফেরত আসবে, অথচ এখন বৈধ কাগজপত্রসহ বিদেশে যাওয়ার জন্য বরং বিক্ষোভ হচ্ছে। ফেরত যাওয়ার প্লেনের টিকিটের হাহাকার পড়ে গেছে। এ ছাড়া এই করোনাকালেও জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে রাজস্ব আয় গত বছরের তুলনায় শূন্য দশমিক ১৬ শতাংশ বেড়েছে। ৩০ সেপ্টেম্বর ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ (বৈদেশিক মুদ্রা স্থিতি) ছিল ৩৯ দশমিক ৩১ বিলিয়ন ডলার, যা গত বছরের ৩০ সেপ্টেম্বরের রিজার্ভ ৩১ দশমিক ৮ বিলিয়ন ডলার থেকে প্রায় ৮ বিলিয়ন বেশি।’
‘গণমাধ্যমকর্মী আইন’ সম্পর্কে সর্বশেষ খবর জানিয়ে মন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয় এটি ভেটিং করে ফেলেছে। টেলিভিশন চ্যানেলগুলো পে-চ্যানেল হবে কি না, এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কেউ পে-চ্যানেল হবে কি না, সেটি সেই টেলিভিশনকেই নির্ধারণ করতে হবে, সরকার নির্ধারণ করে দেবে না।’
