করোনাভাইরাস সংক্রমণের মধ্যে নকল ‘এন- ৯৫’ মাস্ক সরবরাহের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় দুই আসামিকে তিন সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দুই আসামি ডা. জাকির হোসেন ও ইউসুফ ফকিরের করা আগাম জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।
দুদক আইনজীবী জানান, ২৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) ছয় কর্মকর্তা ও জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের একজন কর্মকর্তার বিরুদ্ধে এ মামলা করে দুদক। আসামিরা হলেন কেন্দ্রীয় ঔষধাগারের উপ-পরিচালক ডা. জাকির হোসেন, সহকারী পরিচালক (স্টোরেজ অ্যান্ড ডিস্ট্রিবিউশন) ডা. শাহজাহান সরকার, চিফ কো-অর্ডিনেটর ও ডেস্ক অফিসার জিয়াউল হক, ডেস্ক অফিসার (বর্তমানে মেডিকেল অফিসার, জামালপুর) সাব্বির আহমেদ, স্টোর অফিসার (পিআরএল ভোগরত) কবির আহমেদ, সিনিয়র স্টোর কিপার ইউসুফ ফকির ও জেএমআই গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। আসামিদের মধ্যে আব্দুর রাজ্জাক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
অ্যাডভোকেট খুরশিদ আলম খান বলেন, ‘ডা. জাকির ও ইউসুফ ফকির আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন। আদালত তাদের জামিন না দিয়ে তিন সপ্তাহের মধ্যে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন।’
