এমসি কলেজে ধর্ষণ: অস্ত্র মামলায় রিমান্ডে প্রধান আসামি সাইফুর

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ১১:৩৭ পিএম

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দল বেঁধে ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে (২৮) এবার অস্ত্র মামলায় তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার শাহপরান থানা পুলিশ সাইফুরকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানায়। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের এপিপি খোকন কুমার দত্ত দেশ রূপান্তরকে এসব তথ্য জানিয়েছেন।

এর আগে ধর্ষণ মামলায় সাইফুর পাঁচ দিনের রিমান্ডে ছিল। রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে সে গৃহবধূকে ধর্ষণের কথা স্বীকার করে। পরবর্তী সময়ে ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দেয়।

গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় এমসি কলেজ ফটক থেকে এক দম্পতিকে গাড়িসহ ধরে ছাত্রাবাসে নিয়ে দল বেঁধে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ধর্ষিতার স্বামী বাদী হয়ে সাইফুরসহ ‘ছাত্রলীগের’ ছয় কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও দুই-তিনজনকে আসামি করে মামলা করেন। ঘটনার রাতেই পুলিশ ছাত্রাবাসে অভিযান চালিয়ে সাইফুর রহমানের কক্ষ থেকে একটি পাইপগান, চারটি রামদা এবং দুটি লোহার পাইপ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাইফুরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত