স্বাক্ষর জাল করে অর্পিত সম্পত্তি আত্মসাৎচেষ্টা

শাহজাদপুরে এমপি স্বপনের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০২:২৪ এএম

ওকালতনামা ও আম মোক্তারনামায় জাল স্বাক্ষর করে সরকারি অর্পিত সম্পত্তি আত্মসাতের চেষ্টা মামলায় গত বুধবার দুপুরে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সরকারদলীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনসহ দুজনের নামে চার্জ গঠন হয়েছে। অপর আসামি হলেন শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আবদুর রশিদ। শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু খান শাহীন কনকের চৌকি আদালতে আসামিদের উপস্থিতিতে এ চার্জ গঠন করা হয়।

এ বিষয়ে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ব্রেঞ্চ সহকারী শফিকুল ইসলাম বলেন, দুই আসামির উপস্থিতিতে এদিন চার্জ গঠন হয়েছে।

বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল হাই বলেন, শাহজাদপুর উপজেলার পৌর শহরের পুকুরপাড় মহল্লার একটি সরকারি অর্পিত সম্পত্তি আত্মসাতের জন্য ওকালতনামা ও আম মোক্তারনামায় জাল স্বাক্ষর করার অভিযোগ এনে ২০১৮ সালের ২৫ জুলাই সিরাজগঞ্জ অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল-৩ (শাহজাদপুর) আদালতের বিজ্ঞ বিচারক শাহজাদপুর সিনিয়র সহকারী জজ মো. তোফাজ্জল হোসেন বাদী হয়ে ফৌজদারি কার্যবিধির ৪৬৫/৪৬৮/৪৭১ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৭৭/২০১৮ (শাহঃ)। ওই মামলায় শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. আবদুর রশিদ ও শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর মহল্লার মৃত আতাউর রহমানের ছেলে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনকে বিবাদী করা হয়। তিনি আরও বলেন, আমার মক্কেল সম্পূর্ণ নিরপরাধ। সাক্ষ্য-প্রমাণের দ্বারা তারা অবশ্যই এ মামলা থেকে খালাস পেয়ে যাবেন।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন বলেন, আমি কোনো অন্যায় বা জাল স্বাক্ষর করিনি। অন্যায়ভাবে আমাকে ফাঁসানো হয়েছে। আশা করি সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আমি নির্দোষ প্রমাণিত হয়ে এ মামলা থেকে খালাস পেয়ে যাব।

এদিকে এ চার্জ গঠনকে কেন্দ্র করে শাহজাদপুর চৌকি আদালত চত্বরে কোর্ট পুলিশ ও শাহজাদপুর থানা পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন বিশেষ নিরাপত্তায় পুলিশের একটি পিকআপে করে আদালত চত্বরে আসেন। এরপর কাজ শেষে তিনি আবার ওই পিকআপে করে আদালত চত্বর ত্যাগ করেন। এ সময় সেখানে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ ও সব অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত