মনু-ধলই ভ্যালীর ২৩ চা-বাগানে তৃতীয় দিনে সড়ক অবরোধ

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০৩:৪৬ পিএম

আসন্ন দুর্গাপূজার আগে দৈনিক মজুরি বৃদ্ধি ও উৎসব বোনাসের দাবিতে সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জে মনু-ধলই ভ্যালীর ২৩টি চা-বাগানের শ্রমিকরা সড়ক অবরোধ করে ২ ঘণ্টার কর্মবিরতি পালন করেন।

সেই সঙ্গে শুক্রবার সকাল ৮টায় চা শ্রমিকরা কাজে যোগ না দিয়ে চা-বাগান থেকে বিক্ষোভ মিছিল করে এসে শমশেরনগর বাজার চৌমুহনায় সড়ক অবরোধ করেন।

একইভাবে আলীনগর চা-বাগানের শ্রমিকরা বিক্ষোভ মিছিল সহকারে এসে হালিমা বাজার এলাকায় সড়ক অবরোধ করে পথসভা করেন।

কর্মসূচি পালনকালে চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চা-শ্রমিক নেতারা বলেন, দৈনিক মাত্র ১০২ টাকার মজুরিতে এক একটি পরিবারের ৬ থেকে ৭ সদস্যের জীবনযাপন খুবই কষ্টকর। প্রতি দুই বছর অন্তর চা-শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশিয় চা-সংসদের মধ্যে বৈঠক করে মজুরি বৃদ্ধি করা হয়। মজুরি বৃদ্ধির মেয়াদ শেষে আরও কয়েক মাস অতিক্রম করলে নতুন করে চা-শ্রমিকদের মজুরি এখনো বৃদ্ধি হয়নি। ফলে চা-শ্রমিক পরিবারগুলো মানবেতর যাপনযাপন করছে। তাই এখন বাধ্য হয়ে আজ একযোগে বাংলাদেশের ২২৮টি চা-বাগানে ২ ঘণ্টার কর্মবিরতি পালনসহ বিক্ষোভ মিছিল চলছে।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী বলেন, চা-শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি একটি নিয়মতান্ত্রিক বিষয়। বাংলাদেশিয় চা-সংসদ সময়ের মধ্যে মজুরি বৃদ্ধি না করায় চা-শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেছে। অবিলম্বে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে ও সঙ্গে সঙ্গে উৎসব বোনাস প্রদান করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত