সাভারে অপহৃত যুবক উদ্ধার, কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ০৯:৫৮ পিএম

সাভার বাসস্ট্যান্ড থেকে অপহৃত যুবক হৃদয়কে (১৮) উদ্ধার করেছে র‌্যাব। গত শুক্রবার রাত ১২টার দিকে সাভার পৌর এলাকার আনন্দপুর সিটিলেন মহল্লা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার র‌্যাব-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার জমির উদ্দিন আহমেদ এসব তথ্য জানান।

উদ্ধার হওয়া হৃদয় মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার মাইশা গ্রামের জাবেদ আলীর ছেলে। গ্রেপ্তার কিশোর গ্যাং সদস্যরা হলো– মুসা কাজী, জাহিদ হাসান ও আশিক হোসেন।

র‌্যাব-৪ জানায়, শুক্রবার দুপুরে পারিবারিক কাজে মানিকগঞ্জ থেকে সাভারে আসে হৃদয়। পরে তাকে অপহরণ করে গ্রেপ্তাররা। সন্ধ্যায় হৃদয়ের মোবাইল ফোন থেকে তার বাবার কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেলে হৃদয়কে হত্যার হুমকিও দেওয়া হয়। বিষয়টি জেনে রাতেই ভুক্তভোগীর মোবাইল নাম্বার ট্র্যাক করে আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে হৃদয়কে উদ্ধারসহ তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

কোম্পানি কমান্ডার জমির উদ্দিন বলেন, গ্রেপ্তাররা এলাকায় বিভিন্ন সময় নানা অপকর্ম এবং মানুষকে জিম্মি করে মুক্তিপণ আদায় করার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত