ছোট পোশাকে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি না

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ১২:৪৫ এএম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শার্লিন ফারজানা। গত বছরের শেষের দিকে বিয়ে করলেও সম্প্রতি খবরটি ভক্তদের জানিয়েছেন। তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

বিয়ের খবর দেরিতে ...

গত বছরের সেপ্টেম্বর মাসে ব্যবসায়ী, প্রকৌশলী ও আইটি বিশেষজ্ঞ এহসানুল হকের সঙ্গে বাগদান হয় আমার। ২৩ নভেম্বর দুই পরিবারের সম্মতিতে এক ঘরোয়া আয়োজনে গুলশানের এক রেস্তোরাঁয় বিবাহবন্ধনে আবদ্ধ হই। একেবারে ঘরোয়া আয়োজনে বিয়ের কাজটি সম্পন্ন হয়। ইচ্ছে ছিল ডিসেম্বরে কাছের সবাইকে নিয়ে বড় একটি অনুষ্ঠান করব। কিন্তু আমার মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল তখন বলেন, সিনেমাটি ফেব্রুয়ারিতে মুক্তি পাবে। তাই তোমরা দুটি মাস অপেক্ষা কর। কারণ সিনেমা মুক্তির আগেই বিয়ের খবরটি এলে সিনেমার বিষয়টি কিছুটা হলেও চাপা পড়ে যাবে। তাই আমি কাউকে কিছুই জানাইনি। এরই মধ্যে করোনা চলে আসে। সিনেমাটি হলে মুক্তি পাবে নাকি কোনো অনলাইন প্ল্যাটফরমে তাও কিছু নিশ্চিত বলতে পারছিলেন না পরিচালক। আর বিয়ের মতো বিষয়টি তো লুকিয়ে রাখার মতো নয়। তাই পরিবারের সম্মতিতে সম্প্রতি আমি সবাইকে খুশির খবরটি জানিয়েছি। ইচ্ছা আছে জানুয়ারিতে বড় করে বিয়ের অনুষ্ঠান করার।

বর সম্পর্কে ... 

প্রথমত তিনি খুব ভালো বন্ধু। একজন কমন ফ্রেন্ডের মাধ্যমে তার সঙ্গে আলাপ হয়েছিল, সেটা আস্তে আস্তে এক ধরনের নির্ভরতার জায়গায় চলে যায়। আমার মা মারা গেছেন ২০১৭ সালে। এরপর আমার জীবন কিছুটা অগোছালো হয়ে গিয়েছিল। কিন্তু আমার স্বামী খুবই গোছাল মানুষ। তিনি আমার জীবনে ডিসিপ্লিন ফিরিয়ে দিয়েছেন। মাঝেমধ্যে মনে হয়, তিনি আমার মায়ের অভাব পূরণ করতেই এসেছেন। তিনি একেবারেই ভিন্ন একটি পেশার মানুষ, তাই আমি কখনো প্রত্যাশাই করিনি যে আমার শোবিজের কাজে তার কোনো সহযোগিতা পাব। কিন্তু তিনি আমাকে সব সময় খুব সাপোর্ট দিয়ে গেছেন। অভিনয় নিয়ে তার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে পারি। এমনকি আমাকে প্রোডাকশন হাউজ খোলা, সিনেমা প্রযোজনা করাসহ নানা বিষয়ে উৎসাহ দিচ্ছেন। তাই মনে হচ্ছে এখন থেকে আগের চেয়ে দ্বিগুণ কাজ করব।

ছোটপর্দায় ফেরা ...

নাটকে অনেক বছর কাজ করতে করতে একঘেয়েমি চলে এসেছিল। কিন্তু এখন আবার ছোটপর্দা মিস করছি। তাছাড়া পরিচালকরা এত কাজ নিয়ে আমার সঙ্গে কথা বলেন যে, আর নাটক থেকে দূরে থাকতে পারছি না। কদিন আগেই পরিচালক মেহেদি হাসান জনি অপূর্বর বিপরীতে দুই তিনটি নাটকের প্রস্তাব দিয়েছেন। কিন্তু আমি জানিয়েছি নতুন বছরের জানুয়ারি থেকেই ছোটপর্দায় ফিরব। এখন ওয়েবও কাজের জন্য খুব ভালো জায়গা। সেখানে সব ধরনের গল্পেই কাজ করব, কিন্তু পোশাকের ক্ষেত্রে আমি একটু সচেতন থাকব। ছোট পোশাক আমি ক্যারি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। কিন্তু কেউ যদি সুন্দর করে ক্যারি করে তবে আমার খুব ভালো লাগে দেখতে। জয়া আহসান সব পোশাক কী সুন্দর করে ক্যারি করেন। তার অভিনয় এত শক্তিশালী যে কী পরে আছেন তা নিয়ে কেউ ভাবে না। সেই রকম অবস্থানে যেতে পারলে আমিও পোশাকের ব্যাপারে এই ছুঁৎমার্গ কাটিয়ে উঠতে পারব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত