মাদারীপুর শহরে আরএফসি নামে একটি রেস্টুরেন্টে বাকি বিক্রি না করায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছে চারজন। ভাঙচুর ও হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে মাদারীপুর শহরের পুরান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের পুরান বাজার এলাকায় আরএফসি নামে একটি রেস্টুরেন্টে দুপুরে খেতে আসে শহরের আমিরাবাদ এলাকার সঞ্জয় সাহা নামে এক যুবক। বাকিতে বিক্রি না করায় সঞ্জয়ের নেতৃত্বে ১৫-২০ জনের একটি গ্রুপ রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে রেস্টুরেন্টর মালিকের ভাই মইন বেপারী, ম্যানেজার তাজুল ইসলাম বাবুসহ চারজন আহত হন। তাদের মাদারীপুর সদর হাপসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি রেস্টুরেন্ট মালিকের। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্ত রেস্টুরেন্ট মালিক রাহাত বেপারী বলেন, সঞ্জয় আমার এখানে বাকি খেতে এসেছিল। বাকিতে খাবার না দেওয়ায় আমার ভাই, ম্যানেজারসহ চারজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ ছাড়া আমার ক্যাশে থাকা ৭০ হাজার টাকা ও ৫টি মোবাইল নিয়ে গেছে। এ সময় সন্ত্রাসীরা হামলা চালিয়ে রেস্টুরেন্টের ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। আমি এর বিচার চাই।
