রাষ্ট্রের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসা মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেছেন। নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে অ্যাডভোকেট আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন দায়িত্ব গ্রহণ করার দিনে গতকাল রবিবার সকালে দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের খবর আসে। এর মধ্যে অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সলিসিটর বিভাগে এবং অ্যাডভোকেট মুরাদ রেজা আইন মন্ত্রণালয়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। রাষ্ট্রপতি বরাবর তারা পদত্যাগপত্র পাঠান।
জানতে চাইলে মোমতাজ উদ্দিন ফকির দেশ রূপান্তরকে বলেন, ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছি। বেশ কয়েক দিন ধরেই এ বিষয়ে চিন্তাভাবনা ছিল। এর মধ্যে অন্য কোনো বিষয় নেই। তিনি (মুরাদ রেজা) কী কারণে পদত্যাগ করেছেন সেটি আমার জানা নেই। তার সঙ্গে যোগাযোগ হয়নি।’
মুরাদ রেজা বলেন, ‘ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। এর বেশি কিছু এই মুহূর্তে বলার নেই।’ ২০০৯ সালের ২৭ মার্চ থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করে আসছিলেন মুরাদ রেজা। ২০১০ সালের ৪ জুলাই থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে দায়িত্ব পালন করেছিলেন মোমতাজ উদ্দিন ফকির। সম্প্রতি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুর পর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার এই পদটি শূন্য হয়। এই পদে নিয়োগ পেতে মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকির দুজনেই আগ্রহী ছিলেন।
