নোয়াখালীর সোনাপুর বাঁধন বাস কাউন্টার থেকে বৃহস্পতিবার দুপুরে জান্নাতুন নাছরিন (২২) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। চারদিন পরও তার খোঁজ মেলেনি।
নাছরিন হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামের আবদুর রহমানের মেয়ে।
আজিজিয়া বাজারের ভূষামালের ব্যবসায়ী আবদুর রহমান মেয়ে নাছরিনের নিখোঁজের ব্যাপারে বৃহস্পতিবার সুধারাম থানায় সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজ নাছরিনের বাবা ও সুধারাম থানা সূত্রে এসব খবর জানা গেছে।
নাছরিনের বাবা সোমবার জানান, চিকিৎসার উদ্দেশ্যে অসুস্থ নাছরিনকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে ঐদিন দুপুরে তারা হাতিয়া থেকে সোনাপুর পৌঁছেন। পথে কয়েকবার বমি করায় ক্লান্ত নাছরিনকে সোনাপুর বাঁধন বাস কাউন্টারে বসিয়ে তিনি বমির ওষুধ কিনতে যান। ফিরে এসে মেয়েকে পাননি।
নাছরিনের হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ও তার চেয়ারের পাশে তার ট্রাভেল ব্যাগ ছিল। ভ্যানিটি ব্যাগে পাঁচ হাজার টাকা এবং তার গলায় ও হাতে প্রায় দুই ভরি ওজনের স্বর্ণালঙ্কার ছিল। নিখোঁজের পর থেকে নাছরিনের মুঠোফোনটি বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, নাছরিনের সৌদি প্রবাসী স্বামী তামজিদ হোসেনের বাড়ি হাতিয়ার আফাজিয়া বাজার এলাকায়। তিন বছর আগে এসএসসি পাস নাছরিনের বিয়ের হয়। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা নেই।
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইন্সপেক্টর নবীর হোসেন রবিবার বলেন, নাছরিনের নিখোঁজের বিষয়ে সুধারাম থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে, পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা করছে।
