পেঁপে আপনাকে রাখতে পারে সুস্থ-সবল। বয়স ধরে রাখা থেকে ক্যানসার প্রতিরোধ সবই সম্ভব পেঁপেতে। বারোমাসি এ ফলে রয়েছে অনেক পুষ্টিগুণ।
পাকা পেঁপের পুষ্টি উপাদান: ১০০ গ্রাম পাকা পেঁপেতে আমিষ ০.৬ গ্রাম, স্নেহ ০.১ গ্রাম খনিজ পদার্থ ০.৫ গ্রাম, ফাইবার ০.৮ গ্রাম শর্করা ৭.২ গ্রাম, ভিটামিন সি ৫৭ মিলিগ্রাম, সোডিয়াম ৬.০ মিলিগ্রাম, পটাশিয়াম ৬৯ মিলিগ্রাম, আয়রন ০.৫ মিলিগ্রাম, খাদ্যশক্তি ৩২ কিলোক্যালোরি।
পেঁপের স্বাস্থ্য উপকারিতা:
১. কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে: পেঁপেতে আঁশ, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে যা দেহে কোলেস্টেরল বাড়তে দেয় না। দেহে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদরোগ ও হাইপারটেনশনের ঝুঁকি বেড়ে যায়।
২. ওজন কমাতে: যারা ওজন কমানোর প্রক্রিয়ায় আছেন তারা খাদ্যতালিকায় পেঁপে রাখতে পারেন। এতে ক্যালোরির পরিমাণ খুবই কম। এতে থাকা আঁশ উপাদান সহজে ক্ষুধা লাগতে দেয় না। ফলাফল ওজন কমাতে সাহায্য করে।
৩. রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে: একটি মাঝারি আকারের পেঁপেতে দৈনিক চাহিদার ২০০ ভাগ ভিটামিন সি পা্ওয়া যায়। এটি রোগপ্রতিরোধে বেশ কার্যকরী।
৪. ডায়াবেটিসের জন্য ভালো: ডায়াবেটিস রোগীদের জন্য পেঁপে চমৎকার ফল। এর স্বাদ মিষ্টি হলেও এতে চিনির পরিমাণ খুবই কম। সুস্থরাও ডায়াবেটিস প্রতিরোধে পেঁপে খেতে পারেন।
৫. চোখের স্বাস্থ্যে: পেঁপেতে ভিটামিন এ রয়েছে। যা চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখতে সাহায্য করে।
৬. হজমশক্তি বাড়াতে: আজকাল অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে হজম প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব পড়ে। জাঙ্কফুড, রেস্টুরেন্টের খাবার এবং অতিরিক্ত তৈলাক্ত খাবারের কারণে এ সমস্যা দেখা দিতে পারে।
প্রতিদিন পেঁপে খান, এই সমস্যা আর থাকবে না। এর আঁশ উপাদান স্বাস্থ্যকর হজমে সাহায্য করে।
৭.ঋতুকালীন পেট ব্যথা কমাতে: পেঁপেতে প্রচুর পেপেন এনজাইম আছে যা মেয়েদের ঋতুকালীন সময়ে পেট ব্যথা কমাতে সাহায্য করে।
৮. বয়স ধরে রাখতে: এতে থাকা ভিটামিন সি, ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান- বেটা-ক্যারোটিন ত্বককে ফ্রি রেডিকেলের ক্ষতির হাত থেকে রক্ষা করে। ত্বকে বলিরেখা পড়তে দেয় না।
৯. ক্যানসার প্রতিরোধে: পেঁপেতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, পাইটোনিউট্রিয়েন্টস এবং ফ্ল্যাভানয়েড উপাদান রয়েছে। এগুলো দেহের কোষগুলোকে ফ্রি রেডিকেলের ক্ষতির হাত থেকে রক্ষা করে। অনেক গবেষণায় দেখা গেছে, পেঁপে খেলে কোলন ও প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কমে।
১০. মানসিক চাপ কমাতে: সারাদিন পরিশ্রমের পর বাসায় ফিরে এক বাটি পেঁপে খান। চমৎকার এই ফলে অন্যান্য পুষ্টি উপাদানের সঙ্গে ভিটামিন সি পা্ওয়া যায় যা আপনাকে চাপমুক্ত রাখতে সাহায্য করে।
