পাবনার বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকীকে লাঞ্ছিত করায় বেড়া পৌর মেয়র আব্দুল বাতেনের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে জেলা প্রশাসন।
সোমবার রাতে পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব বরাবর প্রেরিত এক পত্রে এ ব্যাপারে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
জেলা প্রশাসকের প্রেরিত পত্রে বলা হয়েছে, সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অক্টোবর মাসের মাসিক সভা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী অফিসারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং অশালীন ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন।
যা একজন জনপ্রতিনিধি হিসেবে শিষ্টাচার বহির্ভূত ও ক্ষমতার অপব্যবহারের শামিল।
লিখিত পত্রে আরও বলা হয়, গত সেপ্টেম্বর ২০২০ মাসের উপজেলা পরিষদের মাসিক সভায় মেয়র বেড়া পৌরসভা নগরবাড়ী ঘাট ও কাজীরহাট ঘাট ইজারা সংক্রান্ত বিষয়ে বেআইনি ও প্রস্তাব উত্থাপন করলে উপজেলা নির্বাহী অফিসার আইনি ব্যাখ্যা প্রদান করেন, যা কার্য বিবরণীতে অন্তর্ভুক্ত করা হয়নি।
এ প্রেক্ষিতে অক্টোবর মাসের চলমান সভায় কার্যবিবরণীর উক্ত বিষয় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রতিবাদ করলে এবং আইনবহির্ভূত কাজ করতে অস্বীকৃতি জানালে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
জেলা প্রশাসক তার চিঠিতে আরও উল্লেখ করেছেন, মেয়র আব্দুল বাতেনের শিষ্টাচার বহির্ভূত ও আইন পরিপন্থী আচরণ নতুন নয়, প্রায়শই তিনি উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে শিষ্টাচার বহির্ভূত, ঔদ্ধত্যপূর্ণ অসদাচরণ করেন। উদ্ভূত অবস্থায় মেয়র আব্দুল বাতেনের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা গ্রহণ আবশ্যক।
প্রসঙ্গত, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা ১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকুর ছোট ভাই মেয়র আব্দুল বাতেন দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের জন্য সমালোচিত হয়ে আসছেন। তার বিরুদ্ধে দুদকে একাধিক মামলা চলমান।
সম্প্রতি, ক্ষমতার অপব্যবহার করায় আব্দুল বাতেনকে বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
