বৃষ্টির বাগড়ায় কমানো হয়েছে বিসিবি প্রেসিডেন্ট একাদশে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ একাদশ মধ্যকার ম্যাচের ওভার। পঞ্চাশ ওভারের পরিবর্তে উভয় দল ব্যাটিং করবে ৪৭ ওভার করে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার দুপুর দেড়টায় মুখোমুখি হয় দল দুটি। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে তামিম একাদশ। চলতি টুর্নামেন্টে এটাই তাদের প্রথম ম্যাচ।
ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি তামিম একাদশের। দলীয় ৪ রানেই রুবেল হোসেনের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন অধিনায়ক তামিম।
পৌনে দুইটার দিকে শুরু হয় বৃষ্টি। ফলে খেলা সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়। তখন তামিম একাদশের সংগ্রহ ছিল ৩ ওভারে এক উইকেটে ১২। বৃষ্টি থামায় সাড়ে তিনটায় আবার শুরু হয় খেলা।
টুর্নামেন্টে শুরুটা আগেই হয়েছে মাহমুদুল্লাহ একাদশের। কিন্তু প্রথম ম্যাচ মোটেও ভালো হয়নি তাদের। নাজমুল একাদশের কাছে ৪ উইকেটে হারে দলটি। এমন অবস্থায় তামিমদের কাছে হেরে গেলে ফাইনালে ওঠাই কঠিন হয়ে যাবে মাহমুদুল্লাহদের।
তামিম একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মোহাম্মদ শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও মিনহাজুল আবেদীন আফ্রিদি (সুপার সাব)।
মাহমুদউল্লাহ একাদশ : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক সৌরভ, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আমিনুল ইসলাম বিপ্লব, সুমন খান ও রুবেল হোসেন, এবাদত হোসেন চৌধুরী (সুপার সাব)।
